Sukhbir Singh Badal Attacked: অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের উপর ফের হামলা, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
Akali Dal Chief Sukhbir Singh Badal: হামলার পরই তড়িঘড়ি সুখবীর সিং বাদলকে নন্দেদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় সুখবীর সিং বাদলের স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও উপস্থিত ছিলেন।

মুম্বই: পঞ্জাবের অকালি দলের প্রধান তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে হামলা। আজ, বৃহস্পতিবার মহারাষ্ট্রের নন্দেদে সুখবীর সিং বাদলের উপরে হামলা হয়। তাঁর হাতে ছুরি দিয়ে কোপ মারা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন এক পুলিশকর্মীও।
জানা গিয়েছে, আজ নন্দেদে একটি গুরুদ্বারে যাচ্ছিলেন সুখবীর সিং বাদল। গুরুদ্বারের ঠিক সামনেই তাঁর উপরে অতর্কিতে হামলা করা হয়। অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। তবে হাতে গভীর চোট লাগায় রক্তাক্ত হন সুখবীর বাদল। তাঁর নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন ছুরির আঘাতে।
সূত্রের খবর, যে ব্যক্তি হামলা করেছেন, তিনি নিহাঙ্গ শিখ। কৃরপান দিয়ে হামলা করা হয়েছে সুখবীর সিং বাদলের উপরে। হামলাকারী সুখবীর বাদলের পেটে ছুরি মারার চেষ্টা করেছিল। হামলাকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ধৃতের নাম যশপাল সিং। সে তখত শ্রী হাজুর সাহিব গুরুদ্বারে বিগত দুই বছর ধরে কাজ করছিলেন।
হামলার পরই তড়িঘড়ি সুখবীর সিং বাদলকে নন্দেদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় সুখবীর সিং বাদলের স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই হামলার পরের মুহূর্তের একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁর ডান হাতে একটি গেরুয়া কাপড় জড়ানো ছিল। তাঁকে ধরে ধরে আনছিলেন সবাই।
#WATCH | Nanded, Maharashtra | Former Deputy CM of Punjab, Sukhbir Singh Badal rushed to a hospital after being attacked by a Nihang inside Nanded Gurudwara. He has sustained injuries to his hand. pic.twitter.com/PnO2n4wGe9
— ANI (@ANI) August 13, 2026
প্রসঙ্গত, এর আগেও সুখবীর সিং বাদলের উপরে প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল। ২০২৪ সালের ৪ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সে সময় কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন তিনি। অভিযুক্তকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছিল।
