Kalyan Banerjee: ‘আমার মতো বিনা পয়সায় মামলা বিকাশ ভট্টাচার্য ছাড়া কেউ লড়েনি’, আদালতে লড়তে কত ফি নেন কল্যাণ?
Kalyan Banerjee lawyer fee: আখরুজ্জামানের তদন্তের দাবি প্রসঙ্গে বলেন, "বলুক কোন মামলায় কী নিয়েছি। আমার লেভেল সম্পর্কে ওঁর ধারণা আছে? আমি যখন ডিগ্রি পাশ করেছি, তখন হয়তো ওঁর জন্মই হয়নি। আমি মনু সিংভির বিরুদ্ধে লড়ে সিঙ্গুরের মামলা জিতেছি। আমার সম্পর্কে ওঁর ধারণা আছে?"

কলকাতা: আখরুজ্জামানকে নিজের লেভেল বোঝালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর পেশা এবং তা থেকে আয় নিয়ে প্রশ্ন উঠতেই নিজের কেরিয়ার গ্রাফ যেমন তুলে ধরলেন, তেমনই প্রকাশ্যে বলে দিলেন যে কোনও আদালতে মামলা লড়তেই বা তাঁর ফি কত?
বুধবারই আখরুজ্জামান প্রশ্ন করেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি ৫০ কোটি টাকা আয়কর দেন, তাহলে তাঁর আয় কত? আয়ের উৎসই বা কী? দাবি করেন, পূর্ববর্তী সরকারে মন্ত্রীদের বাধ্য করা হত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকেই যেন মামলা দেওয়া হয়।
রাতে আখরুজ্জামানের সব দাবি, প্রশ্নের জবাব দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আখরুজ্জামানের তদন্তের দাবি প্রসঙ্গে বলেন, “বলুক কোন মামলায় কী নিয়েছি। আমার লেভেল সম্পর্কে ওঁর ধারণা আছে? আমি যখন ডিগ্রি পাশ করেছি, তখন হয়তো ওঁর জন্মই হয়নি। আমি মনু সিংভির বিরুদ্ধে লড়ে সিঙ্গুরের মামলা জিতেছি। আমার সম্পর্কে ওঁর ধারণা আছে? আমি যখন রিজওয়ানুর মামলা লড়ি, তখন ওঁ হাফ প্যান্ট পরে। ২০১৩-তে পঞ্চায়েত নির্বাচনে জিতে আসি। ২০১৮ সালে বন্ধ করতে চেয়েছিল (নির্বাচন), চন্দ্রচূড়ের ঘর থেকে জিতে আসি। ২০২৩ সালেও বন্ধ করতে চেয়েছিল, সরকারের হয়ে লড়ে আমি জিতে আসি।”
কত ফি নেন কল্য়াণ?
এ দিন কল্য়াণ বলেন, “রাত তিনটে পর্যন্ত এই চেম্বারে বসে কাজ করি। ২০২০ সাল থেকে আমার ফি কলকাতা হাইকোর্টে ১ লক্ষ ৫০ হাজার টাকা। সুপ্রিম কোর্টের জন্য তিন লক্ষ টাকা। সাধারণ মানুষের জন্য যে ফি চার্জ করি, সরকারের জন্যও একই ফি চার্জ করি। আমি প্যানেল আইনজীবী নই, আমি স্পেশাল কাউন্সিল। আমি সব বিষয়ে মামলা করি না।”
গরিব মানুষদের জন্য বিনা পয়সায় মামলাও লড়েন কল্যাণ। নিজেই বলেন, “আমার মতো বিনা পয়সায় গরিব মানুষের জন্য মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া কেউ লড়েনি। ওঁর (আখরুজ্জামান) বাবা আমার কাছে আসতো কেস নিয়ে। বলত, কল্যাণবাবু বাঁচান। আখরুজ্জামানের আমার লেভেলটা জানা উচিত ছিল। পলিটিক্স করি বলে তাই, নাহলে ওসব লোকের আমার নাম নেওয়ার মতো যোগ্যতা নেই।”
