Straight of Hormuz : তেল,গ্যাস নিয়ে আর চিন্তা নেই! এবার আটকে থাকা সব জাহাজ ফিরতে চলেছে ভারতে
মার্চ মাসের শুরুর দিকে হরমুজ় প্রণালীতে মোট ৩৮টি জাহাজ আটকে ছিল। পরে সেই জাহাজের সংখ্যা কমে দাঁড়ায় ২২। শেষ খবর পাওয়া পর্যন্ত, হরমুজ়ে এখন ২০টি জাহাজ আটকে রয়েছে। এবার সেই জাহাজগুলিও ধীরে ধীরে ভারতে আসতে শুরু করবে। জানা গিয়েছে, নতুন করে ১৮টি খালি জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

নয়াদিল্লি : হরমুজ়ে আটকে থাকা ২০টি জাহাজ অবশেষে ফিরতে পারে ভারতে। ইতিমধ্যেই ইরান দাবি করেছে, বন্ধু ভারতের জন্য হরমুজ় খোলা রয়েছে। একের পর এক নতুন তেলের ট্যাঙ্কার ভারতে আসতে শুরু করেছে। এরই মধ্যে আরও একটা ভাল খবর ভারতের জন্য। জানা গিয়েছে, হরমুজ়ে আটকে থাকা জাহাজগুলি খুব শীঘ্রই ভারতে পৌঁছতে পারে।
মার্চ মাসের শুরুর দিকে হরমুজ় প্রণালীতে মোট ৩৮টি জাহাজ আটকে ছিল। পরে সেই জাহাজের সংখ্যা কমে দাঁড়ায় ২২। শেষ খবর পাওয়া পর্যন্ত, হরমুজ়ে এখন ২০টি জাহাজ আটকে রয়েছে। এবার সেই জাহাজগুলিও ধীরে ধীরে ভারতে আসতে শুরু করবে। জানা গিয়েছে, নতুন করে ১৮টি খালি জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ইরান ভারত-সহ একাধিক বন্ধু দেশের জন্য হরমুজ় খুলে দিয়েছে। সেই তালিকায় রয়েছে চিন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক। ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, হরমুজ় প্রণালী মূলত শত্রু দেশ ও তাদের মিত্র দেশগুলোর জন্য বন্ধ রাখা হয়েছে। বলেন, “আমাদের দৃষ্টিকোণ থেকে হরমুজ় প্রণালী পুরোপুরি বন্ধ নয়। এটি কেবল শত্রুদের জন্য বন্ধ। আমাদের শত্রু ও তাদের বন্ধুদের জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়ার কোনও কারণ নেই।”
এদিকে, কাতার, কুয়েত, সৌদি-সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই গ্যাস এবং তৈল ভান্ডারে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে একাধিক জায়গায়। তাই জাহাজ চলাচল করলেও গ্যাস পর্যাপ্ত পরিমাণে মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এদিকে, ইরানের সঙ্গে আমেরিকার ভালই আলোচনা চলছে বলে দাবি করেছেন খোদ ট্রাম্প। তার ফলস্বরূপ ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলার ডেডলাইন বাড়িয়েছে আমেরিকা। ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন,”ইরানের অনুরোধ অনুযায়ী আমি ওই দেশের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আপাতত হামলা চালাব না। ১০ দিনের জন্য হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। যা সোমবার, ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।”
