AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthcare Expenditure: স্বাস্থ্যখাতে সরকারি খরচ বেড়েছে তিনগুণ, কমেছে আমজনতার গ্যাঁটের খরচ

Government Health Spending: মোট স্বাস্থ্যখরচের মধ্যে সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে দেওয়া অর্থের অংশ ২০১৩-১৪ সালের ৬৪.২ শতাংশ থেকে কমে ২০২৩-২৪ সালে হয়েছে ৪২.৭ শতাংশ। অর্থাৎ এক দশকে আমজনতার পকেট থেকে খরচ কমেছে ২১.৫ শতাংশ। ২০২২-২৩ সালেও এই হার ছিল ৪৩.৪ শতাংশ।

Healthcare Expenditure: স্বাস্থ্যখাতে সরকারি খরচ বেড়েছে তিনগুণ, কমেছে আমজনতার গ্যাঁটের খরচ
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Nov 16, 2026 | 1:10 PM
Share

নয়া দিল্লি: চিকিৎসার খরচ নিয়ে চিন্তা থাকে কম বেশি সকলেরই। হঠাৎ বিপদ এলে, তখন চিকিৎসার জন্য কত খরচ হবে, তা আমজনতা সংশয়ে থাকেন। তবে বিগত কয়েক বছরে এই ছবিটা বদলে গিয়েছে অনেকটাই। দেশের স্বাস্থ্যখাতে গত এক দশকে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে চিকিৎসার জন্য সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে খরচের (Out-of-Pocket Expenditure) অংশও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস  ২০২৩-২৪ (National Health Accounts 2023-24) রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, ২০১৩-১৪ সালে স্বাস্থ্যখাতে সরকারের খরচ ছিল প্রায় ১.৩০ লক্ষ কোটি টাকা, যা ২০২৩-২৪ সালে বেড়ে হয়েছে ৪.১৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক দশকে সরকারি স্বাস্থ্য খাতে ব্যয় তিনগুণেরও বেশি বেড়েছে।

অন্যদিকে, মোট স্বাস্থ্যখরচের মধ্যে সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে দেওয়া অর্থের অংশ ২০১৩-১৪ সালের ৬৪.২ শতাংশ থেকে কমে ২০২৩-২৪ সালে হয়েছে ৪২.৭ শতাংশ। অর্থাৎ এক দশকে আমজনতার পকেট থেকে খরচ কমেছে ২১.৫ শতাংশ। ২০২২-২৩ সালেও এই হার ছিল ৪৩.৪ শতাংশ।

প্রতি নাগরিকের পিছনে সরকারের স্বাস্থ্যখরচও বেড়েছে। ২০১৩-১৪ সালে যেখানে মাথাপিছু সরকারি স্বাস্থ্যব্যয় ছিল ১,০৪২ টাকা, ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ২,৯৫৯ টাকা।

প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাতেও সরকারি বিনিয়োগ বেড়েছে অনেকটা। ২০২৩-২৪ সালে প্রাথমিক স্বাস্থ্যখাতে সরকারের ব্যয় পৌঁছয় প্রায় ১.৫৩ লক্ষ কোটি টাকায়। পাশাপাশি স্বাস্থ্যখাতে সামাজিক সুরক্ষার অংশও ৬ শতাংশ থেকে বেড়ে ১১ শতাংশ হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান আরোগ্য মন্দির, বিনামূল্যে ওষুধ ও ডায়াগনস্টিক পরিষেবা, জনঔষধি এবং বিভিন্ন স্বাস্থ্যবিমা প্রকল্পের মতো উদ্যোগ স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে সাহায্য করছে। সরকারের দাবি, সরকারি স্বাস্থ্যব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সরাসরি চিকিৎসা খরচ কমে আসার এই প্রবণতা দেশে আরও সাশ্রয়ী ও আর্থিকভাবে সুরক্ষিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

Follow Us