Taliban Rule: ক্রিকেটের প্রচার করা যাবে না, তালিবানদের নিশানায় আফগান রেডিওমাধ্যম!
Afghanistan Cricket: আফগানিস্তানে খেলাধুলার ক্ষেত্রে তালিবান সরকারের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। মিক্সড মার্শাল আর্টের মতো খেলা নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও মহিলাদের খেলাধুলো, জিম যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। শুধু খেলাধুলো নয়, মহিলাদের জন্য অনেক ক্ষেত্রই বন্ধ রয়েছে।

কান্দাহার: বড় ধাক্কা খেলেন আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা। দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ কান্দাহারে রেডিওতে ক্রিকেট সংক্রান্ত কোনও খবর বা অনুষ্ঠান সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। রবিবার সংবাদ সংস্থা এএফপি-কে এই খবর জানিয়েছেন স্থানীয় দুই রেডিও সম্প্রচারকর্মী এবং এক সরকারি সূত্র।
জানা গিয়েছে, গত শনিবার কান্দাহারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে স্থানীয় রেডিও স্টেশনগুলিতে এই নির্দেশ দেওয়া হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ক্রিকেট নিয়ে কোনও ধরনের খবর বা অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। তথ্য ও সংস্কৃতি দফতরের এক আধিকারিক নাম প্রকাশ না করে জানিয়েছেন, ক্রিকেটকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু খেলার ধারাবিবরণী নয়, ক্রিকেটের খবর, ম্যাচের ফলাফল কিংবা কোনও দলের ম্যাচ জেতার খবরও রেডিওতে প্রচার করা যাবে না। কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান জানিয়েছেন, তথ্য ও সংস্কৃতি দফতর থেকে ফোন করে তাঁদের ক্রিকেট সংক্রান্ত কোনও খবর সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য একটি রেডিও স্টেশনের ম্যানেজারও একই কথা জানিয়েছেন। নিরাপত্তার কারণে তাঁরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।
যদিও, তালিবান সরকারের তরফ থেকে এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। যদিও উল্লেখযোগ্য বিষয় হল, আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তালিবান সরকারও এর আগে ক্রিকেটকে সমর্থন জানিয়েছে। ক্ষমতায় ফেরার বর্ষপূর্তি হিসেবে গত অগাস্টে ক্রিকেট ম্যাচের আয়োজনও করা হয়েছিল।
তবে আফগানিস্তানে খেলাধুলার ক্ষেত্রে তালিবান সরকারের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। মিক্সড মার্শাল আর্টের মতো খেলা নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও মহিলাদের খেলাধুলো, জিম যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। শুধু খেলাধুলো নয়, মহিলাদের জন্য অনেক ক্ষেত্রই বন্ধ রয়েছে। বর্তমানে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল আরব আমিরশাহিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে। তবে তালিবানদের এই নিষেধাজ্ঞা বাকস্বাধীনতার উপর আবার নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
