INDIA Bloc: জ্ঞানেশের অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চান রাহুল, মমতারা
INDIA Bloc Seeks CEC Gyanesh Kumar’s Removal: রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, ওমর আব্দুল্লা, শরদ পাওয়ার, এম এ বেবি, তেজস্বী যাদব-সহ ইন্ডি জোটের দলীয় প্রধানরা। রাষ্ট্রপতি ভবন থেকে এখনও চিঠির কোনও উত্তর আসেনি। রাষ্ট্রপতি ভবন থেকে এই চিঠির পরিপ্রেক্ষিতে কী জবাব দেওয়া হয়, সেটাই দেখার।

নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চান রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়ে চিঠি দিলেন ইন্ডি জোটের নেতারা। বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান রাহুল, মমতারা। সেই আবেদন জানিয়েই রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠিয়েছেন তাঁরা। তবে রাষ্ট্রপতি ভবনের তরফে ইন্ডি জোটের চিঠির এখনও কোনও জবাব দেওয়া হয়নি।
এসআইআর প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেকদিন ধরেই সরব ইন্ডি জোটের নেতারা। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধ সুর চড়িয়েছেন রাহুল, মমতারা। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
এই পরিস্থিতিতে এদিন ইন্ডি জোটের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠালেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ এবং কমিশনের কাজ নিয়ে অভিযোগ জানাতে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চান ইন্ডি জোটের নেতারা। আগামিকাল থেকে আগামী তিনদিনের মধ্যে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে।
রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, ওমর আব্দুল্লা, শরদ পাওয়ার, এম এ বেবি, তেজস্বী যাদব-সহ ইন্ডি জোটের দলীয় প্রধানরা। রাষ্ট্রপতি ভবন থেকে এখনও চিঠির কোনও উত্তর আসেনি। রাষ্ট্রপতি ভবন থেকে এই চিঠির পরিপ্রেক্ষিতে কী জবাব দেওয়া হয়, সেটাই দেখার।
এদিকে, এদিন সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশন পর্যন্ত অভিযান করেন ইন্ডি জোটের সাংসদরা। এই অভিযানকে ঘিরে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। মাঝপথে তাঁদের আটকে দেওয়া হলে, লাউডস্পিকার হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠে পড়েন রাহুল গান্ধী। অভিষেক-মহুয়াদের আটক করা হলেও, ঘুরপথে নির্বাচন কমিশনে পৌঁছনোর চেষ্টা করেন রাহুল। তারপর সোজা চলে যান আকাশবাণী ভবনে। সেই থেকে সেখানেই বসেছিলেন তাঁরা।
ভিতরে না বসতে দেওয়ায়, গাছতলাতেই বসে পড়েছিলেন রাহুলরা। রাত ৮টা নাগাদ সেখানে উপস্থিত হন ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্ররা। তাঁরাও ধর্নায় যোগ দেন। এদিকে লখনউ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বিমানবন্দরে যাওয়ার সময় মাঝপথ থেকেই ফিরে আসেন তিনিও। এরপর আকাশবাণী ভবনের ভিতরে পরপর ঢোকে পুলিশের গাড়ি এবং বাস। একে একে গাড়িতে তোলা হয় রাহুল, প্রিয়াঙ্কা, ডেরেকদের।
