J&K Terror Attack: বাইকে এসে এলোপাথাড়ি গুলি, কাশ্মীরে জঙ্গি হানার পিছনে কার হাত? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Jammu Kashmir Terror Attack: আহত তিন জওয়ানের নাম রাকেশ দাস, সন্তোষ চান্দ্রু ও সোমবীর সিং। সন্তোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা, রাকেশ দাস অসমের এবং সোমবীর সিং মধ্য প্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, রাকেশ দাসের পায়ে গুলি লেগেছে। সন্তোষের তলপেট ও শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে। অন্যদিকে সোমবীর সিংয়ের বাম হাতে গুলি লেগেছে।

শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি হানা। আজ, বুধবার, জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সিআরপিএফ (CRPF) জওয়ানদের উপরে হামলা করে জঙ্গিরা। বাইকে চেপে এসে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায়। হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বাংলার এক জওয়ানও রয়েছেন। ইতিমধ্য়েই পাল্টা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সামনে এল জঙ্গি হামলার মাথা কে?
আজ দক্ষিণ কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চলে। জানা গিয়েছে, কুলগামের আখরানে মির বাজার এলাকায় নাকা তল্লাশি চলছিল। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ আচমকাই অজ্ঞাত পরিচয় জঙ্গিরা একটি বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের উপরে হামলা চালানো হয়। জখম জওয়ানরা অনন্তনাগের জেলা হাসপাতালে ভর্তি।
আহত তিন জওয়ানের নাম রাকেশ দাস, সন্তোষ চান্দ্রু ও সোমবীর সিং। সন্তোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা, রাকেশ দাস অসমের এবং সোমবীর সিং মধ্য প্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, রাকেশ দাসের পায়ে গুলি লেগেছে। সন্তোষের তলপেট ও শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে। অন্যদিকে সোমবীর সিংয়ের বাম হাতে গুলি লেগেছে।
এই হামলার পিছনে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত রয়েছে। হামলার মূল চক্রী লস্কর কম্যান্ডার লতিফ ভাট। এই লতিফের মাথার দাম ১৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে গোয়েন্দারা অনুমান করছে, শুধু লস্কর জঙ্গি লতিফ নয়, এই হামলার পিছনে বড়সড় জঙ্গি নেটওয়ার্ক কাজ করছে। সক্রিয় জঙ্গি উপস্থিতিও আশঙ্কা করা হচ্ছে।
