Farooq Abdullah: ‘স্থানীয় বাসিন্দাদের সাহায্য ছাড়া এটা হতে পারে না’, পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বড় কথা বলে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
Farooq Abdullah: পাকিস্তানকে দুষে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা শান্তিতে থাকছি, হাজার হাজার পর্যটক আসছে। ওদের এটা ভাল লাগছিল না। ১৯৪৭ সাল থেকেই ওরা যেভাবে পারছে, আমাদের ধ্বংস করতে চাইছে।"

শ্রীনগর: পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে এবার বিস্ফোরক জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর দাবি, বৈসরনে জঙ্গি হামলায় স্থানীয় বাসিন্দাদেরও মদত রয়েছে। স্থানীয়দের সাহায্য ছাড়া এই ধরনের জঙ্গি হামলা হতে পারে না বলেই মত তাঁর।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জম্মু কাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা শুক্রবার বলেন, “আমার মনে হয় না কারোর সাহায্য ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদি কেউ সাহায্য না করে, তবে ওরা (জঙ্গি) কোথা থেকে এল? কীভাবে এল?”
জম্মু-কাশ্মীরের হামলাকে অত্যন্ত ‘দুঃখজনক’ ও ‘মানবতার হত্যা’ বলে উল্লেখ করে বলেন, “পহেলগাঁও জঙ্গি হামলায় যে কেউ যুক্ত থাকতে পারে। যতক্ষণ না আমরা অভিযুক্তদের ধরতে পারছি, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। হ্যান্ডলাররা নিশ্চয়ই আগেও হামলা চালিয়েছে। এটা আজকের ঘটনা নয়। ওরা উরিতেও হামলা করেছিল। আপনারা দেখেছেন পুলওয়ামায় কী হয়েছিল। মুম্বইয়ে কে হামলা করেছিল? পাঠানকোটে কে হামলা করেছিল? রাজৌরি ও পুঞ্চে কে হামলা করেছিল? হ্যান্ডলাররা এখানেই বসে আছে।”
পাকিস্তানকে দুষে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা শান্তিতে থাকছি, হাজার হাজার পর্যটক আসছে। ওদের এটা ভাল লাগছিল না। ১৯৪৭ সাল থেকেই ওরা যেভাবে পারছে, আমাদের ধ্বংস করতে চাইছে।”
পহেলগাঁও জঙ্গি হামলায় জইশ-ই-মহম্মদ জঙ্গি রউফ আসগারের যোগ থাকতে পারে বলেই সন্দেহ গোয়েন্দাদের। এই রউফ জইশ প্রধান মাসুদ আজহারের ভাই। এই মাসুদকে ১৯৯৯ সালে, কান্দাহার বিমান হাইজ্যাকের সময় ভারত সরকারকে ছেড়ে দিতে হয়েছিল। সরকারের এই সিদ্ধান্ত ভুল ছিল বলেই উল্লেখ করেন ফারুক আবদুল্লা।
তিনি বলেন, “আমি আগেও বলেছিলাম। আজহারকে যখন ছাড়া হয়েছিল, তখনও বলেছিলাম যে ওঁকে যেন মুক্তি না দেওয়া হয়। কে জানে এই হামলাতেও ওঁ যুক্ত কি না। কেউ আমার কথা শোনেনি। ওরা ওঁকে (মাসুদ আজহার) পাকিস্তান নিয়ে গিয়েছে। ওরা আমার আত্মীয়কে বাড়িতে ঢুকে গুলি করেছিল। অনেক কষ্টে আমরা ওঁকে ধরেছিলাম, কিন্তু সরকার ওঁকে বিমানে করে কান্দাহার নিয়ে গেল। কেউ আমাদের কথা শোনেনি তখন।”

