AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Singh: দীপাবলির আনন্দের দিনে কাছের মানুষকে হারালেন রণবীর সিং!

Ranveer-Deepika: দীপাবলির আলোর উৎসবের মাঝেই রণবীর সিংয়ের (Ranveer Singh) পরিবারে নেমে এল বিষাদের সুর। চিরবিদায় নিলেন অভিনেতার জীবনের অত্যন্ত কাছের এক মানুষ। সোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে এই দুঃসংবাদ জানিয়েছেন অভিনেতার দিদি সৌম্যা। কে সেই বিশেষ মানুষ, যাঁর বিদায়ে আজ শোকস্তব্ধ রণবীরের পরিবার?

Ranveer Singh: দীপাবলির আনন্দের দিনে কাছের মানুষকে হারালেন রণবীর সিং!
কী ঘটেছে?
| Updated on: Nov 11, 2026 | 9:52 AM
Share

এই বছরটা রণবীর সিংয়ের (Ranveer Singh) জন্য দারুণ কাটছিল। দ্বিতীয় সন্তান দেবীর জন্ম হয়েছে। দুই মেয়ে দেবী, দুয়া আর স্ত্রী দীপিকাকে নিয়ে তাঁর ভরা সংসার। অন্যদিকে কেরিয়ারেও দুর্দান্ত সাফল্য, বক্স অফিসে সুপারহিট তাঁর ছবি ধুরন্ধর। সব মিলিয়ে চারদিকে যখন শুধুই খুশি আর আনন্দ, ঠিক তখনই হঠাৎ ছন্দপতন! দীপাবলির এই আলোর উৎসবের মাঝেই অভিনেতার পরিবারে নেমে এল এক গভীর শোকের ছায়া। চিরবিদায় নিলেন রণবীরের জীবনের অত্যন্ত কাছের এক মানুষ। কে তিনি? তিনি আর কেউ নন, রণবীরের দাদু অর্থাৎ রাম হিঙ্গোরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। লক্ষ্মীপুজোর ঠিক পুণ্য লগ্নেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার তুতো বোন সৌম্যা হিঙ্গোরানি ঠাকরে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে এই খবর নিশ্চিত করেছেন।

দাদুকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সৌম্যা। তবে শোকের মাঝেও দাদুর দীর্ঘ জীবনকে উদযাপন করেছেন তিনি। সৌম্যা তাঁর পোস্টে লিখেছেন, “আমার দাদু, ডাক্তার রাম, দীপাবলির দিন দিদার কাছে ফিরে গিয়েছেন। এর চেয়ে ভালো সময় আর হতেই পারত না, বিশেষ দিনের একেবারে বিশেষ সময়।”

দাদুকে ‘বিশ্বের সেরা দাদু’ বলে উল্লেখ করে তিনি আরও জানান, দাদু আর দিদা নিশ্চয়ই এখন একসঙ্গে বসে আরাম করে পার্টি করছেন। দাদুর উদ্দেশে তাঁর মিষ্টি বার্তা, “আমার জন্য একটু আইসক্রিম সরিয়ে রেখো। আবার যেদিন একসঙ্গে নাচব, ততদিন পর্যন্ত বিদায়। হরি ওম।” দাদুর ৯৬ বছরের জীবনকে তিনি ‘৯৬ বছরের তরুণ’ বলে মনে করতে চেয়েছেন, যা শোকের নয় বরং উদযাপনের।

রণবীরের সঙ্গে তাঁর দাদুর সম্পর্ক ছিল একেবারে বন্ধুর মতো। তাঁকে ‘নানা-জি’ ডাকতেন রণবীর। ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রোমোশনেও দাদুকে নিয়ে এসেছিলেন তিনি। তখন দাদুর বয়স ছিল ৯৩। দু’জনে মিলে ‘ঝুমকা গিরা রে’ গানে নেচেও ছিলেন। একটি ভিডিয়োতে দাদুকে মজা করে বলতে শোনা গিয়েছিল, “টিক্কি ছাড়ো, টাকিলা আনো!” এই সব মজার মুহূর্তই বলে দেয় দাদুর সঙ্গে কতটা কাছের সম্পর্ক ছিল তাঁর।

নেটিজেনরাও এই খবরে শোক প্রকাশ করেছেন। অনেকেই রণবীরকে সমবেদনা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, দাদুর সঙ্গে আপনার এত সুন্দর সম্পর্ক ছিল, এই ক্ষতি মেনে নেওয়া খুব কঠিন। দাদু অন্তত আপনার এত সুন্দর জার্নি দেখে যেতে পেরেছেন। তবে দাদুর মৃত্যু নিয়ে রণবীর বা দীপিকা পাড়ুকোন এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি।

Follow Us