AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SC: ‘এক মুহূর্তও বেশি সময় নয়’, সম্পত্তি আটকে রাখা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

SC On Seized Property: বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, "এই বিধানটির মূল অন্তর্নিহিত নীতি হল— পুলিশ বা আদালতের হেফাজতে কোনও বাজেয়াপ্ত সম্পত্তি প্রয়োজন অনুযায়ী যতটা সময় দরকার, তার চেয়ে এক মুহূর্তও বেশি সময় ধরে রাখা উচিত নয়।"

SC: 'এক মুহূর্তও বেশি সময় নয়', সম্পত্তি আটকে রাখা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 11, 2026 | 8:47 AM
Share

নয়াদিল্লি: ফৌজদারি মামলায় হয়তো ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন সেই ব্যক্তি। সেক্ষেত্রে তদন্ত চলাকালীন তদন্তের স্বার্থে তদন্তকারীরা, তাঁর যে  সম্পত্তি বা জিনিস বাজেয়াপ্ত করেছিলেন, তাও তাঁকে তৎক্ষণাৎই ফেরত দিতে হবে। যদি সেই ব্যক্তির খালাসের রায়কে চ্যালেঞ্জ করে নতুন করে কোনও মামলা আদালতে বিচারাধীন থাকে, তবুও সেই কারণ দর্শিয়ে ওই ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত রাখা যাবে না। সম্প্রতি একটি মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, বিচারাধীন মামলার অজুহাতে অনির্দিষ্টকালের জন্য সম্পত্তি নিজেদের হেফাজতে আটকে রাখা যাবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বাজেয়াপ্ত সম্পত্তি ধরে রাখার মতো কোনও যৌক্তিক কারণ রয়েছে কি না, তা আদালতগুলিকে স্বাধীনভাবে খতিয়ে দেখতে হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, আর মহাদেবন এবং অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ মহারাষ্ট্র সরকারকে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার সময় এই পর্যবেক্ষণ দেন। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় আগে একটি হত্যাচেষ্টার মামলায় জামিন পাওয়া এক ব্যক্তির কাছ থেকে ওই অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছিল।

মামলার প্রেক্ষাপট

সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে মোহাম্মদ জামাল মহাম্মদ ইউনুস নামক এক ব্যক্তি সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করেছিলেন। বেসরকারি সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ইউনুসের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাজার পেঠ থানায় ২০১২ সালে রেজিস্ট্রিকৃত একটি এফআইআরের প্রেক্ষিতে বাজেয়াপ্ত করা হয়েছিল।

একটি হত্যাচেষ্টার মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৩ সালের ১১ মার্চ সেশন আদালত সমস্ত আসামিকে অভিযোগ থেকে মুক্তি দেয় এবং নির্দেশ দেয় যে আপিলের মেয়াদ শেষ হওয়ার পর যেন বাজেয়াপ্ত করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হয়।

এর পর ২০১৪ সালে তৎকালীন ফৌজদারি কার্যবিধি, ১৯৭৩ (CrPC)-এর ৪৫২ ধারা (বর্তমান BNS এর ৪৯৮ ধারা) অনুযায়ী রিভলভারটি ফেরত চেয়ে আবেদন করেন ইউনুস। তিনি জানান যে অস্ত্রটি ছাড়া তিনি কোনও কর্মসংস্থান বা চাকরি জোগাড় করতে পারছেন না এবং তা ফেরত পেতে যে কোনও শর্ত মানতে প্রস্তুত। কিন্তু ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত সেশন জজ খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকার অজুহাতে তাঁর আবেদন খারিজ করে দেন। এরপর বম্বে হাইকোর্টে আবেদন করা হলে মামলাটি বছরের পর বছর বিচারাধীন অবস্থায় ঝুলে থাকে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও রায়

সুপ্রিম কোর্টের নজরে আসে যে নিম্ন আদালত বা হাইকোর্ট কেউই ইউনুসের আবেদনটি আইনি যোগ্যতার ভিত্তিতে বিচার করেনি, বরং কেবল আপিল বিচারাধীন থাকার অজুহাতে তা ঝুলিয়ে রেখেছে।

রায় দেওয়ার সময় বেঞ্চ CrPC-এর ৪৫২ ধারা (BNSS-এর ৪৯৮ ধারা)-র কথা উল্লেখ করে জানায় যে, কোনও তদন্ত বা বিচার শেষ হওয়ার পর সম্পত্তি নিষ্পত্তির বিষয়ে উপযুক্ত আদেশ দেওয়ার ক্ষমতা আদালতের রয়েছে। মামলার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আদালতের নির্ধারণ করা উচিত যে সম্পত্তি ফেরত দেওয়া উচিত কি না।

বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, “এই বিধানটির মূল অন্তর্নিহিত নীতি হল— পুলিশ বা আদালতের হেফাজতে কোনও বাজেয়াপ্ত সম্পত্তি প্রয়োজন অনুযায়ী যতটা সময় দরকার, তার চেয়ে এক মুহূর্তও বেশি সময় ধরে রাখা উচিত নয়।”

আদালত আরও উল্লেখ করে যে, আবেদনকারী সমস্ত অভিযোগ থেকে খালাস পেয়েছেন এবং রিভলভারটি ধরে রাখার পক্ষে অন্য কোনও আইনি কারণ নেই। এছাড়া দীর্ঘকাল ধরে অস্ত্রটি আটকে থাকায় তাঁর জীবিকা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে, কারণ বেসরকারি নিরাপত্তা খাতে কাজ করার জন্য রিভলভারটির উপস্থিতি তাঁর চাকরির ক্ষেত্রে অত্যন্ত জরুরি ছিল। পাশাপাশি, তিনি যে ছয় সদস্যের পরিবারের একমাত্র ভরণপোষণকারী, তাও আদালত বিবেচনায় নেয়।

সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারকে আগামী আট সপ্তাহের মধ্যে ইউনুসের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি তাঁর হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হাইকোর্টে বিচারাধীন তাঁর আবেদনটিও নিষ্পত্তি করে দেওয়া হয়েছে এবং আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই রায়ের ফলে মূল আপিল মামলার গুণগত বিচারে কোনও প্রভাব পড়বে না।

Follow Us