Local Train: ভিড়ের সুযোগ নিয়ে ক্রমাগত নোংরা স্পর্শ, প্রতিবাদ করতেই লোকাল ট্রেন থেকে ফেলে দিল! হাত কাটা পড়ল যুবতীর…
Mumbai Woman Assault: অভিযুক্ত ব্যক্তি ওই যুবতীকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেন। যুবতী দুটি কামরার মাঝে পড়ে যান। যুবতী যখন ওঠার চেষ্টা করছিলেন, তখনই ট্রেনটি চলতে শুরু করে। চাকার মাঝে হাত আটকে যায়। গুরুতর জখম হন যুবতী।

মুম্বই: চলন্ত ট্রেনে অশ্লীল স্পর্শ। সেই ঘটনার প্রতিবাদ করায় দিতে হল চরম মাশুল। ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল যুবতীকে। চলন্ত ট্রেন থেকে পড়ে হাত বাদ গেল যুবতীর।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মুম্বই লোকাল ট্রেনে। ওই যুবতী বোরিভেলি থেকে ভিরার যাচ্ছিলেন, কিন্তু ট্রেনে ওঠার পরই এক ব্যক্তি অভব্য আচরণ করেন তাঁর সঙ্গে। তাঁকে অশ্লীলভাবে বারংবার স্পর্শ করেন। এই ঘটনার প্রতিবাদ করেন যুবতী। নিজের জুতো ছুড়ে মারেন। বাকি সহযাত্রীরাও প্রতিবাদ করেন। এদিকে অভিযুক্তও ফুঁসে উঠে নিজের জুতো ছুড়ে মারেন।
সেই সময় নাইগাঁও স্টেশনে ঢুকছিল লোকাল ট্রেন। অভিযুক্ত ব্যক্তি ওই যুবতীকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেন। যুবতী দুটি কামরার মাঝে পড়ে যান। যুবতী যখন ওঠার চেষ্টা করছিলেন, তখনই ট্রেনটি চলতে শুরু করে। চাকার মাঝে হাত আটকে যায়। গুরুতর জখম হন যুবতী। পুলিশ ও বাকি যাত্রীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা যুবতীর কনুই থেকে হাত বাদ দেন। যুবতীর মাথাতেও ১৬টি সেলাই পড়েছে।
এই ঘটনার কয়েক ঘণ্টা পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে যুবতী বলেন, “আমি বিচার চাই। আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধে, আমি এক হাত দিয়ে কীভাবে সব কাজ করব? আমার মাথায় ১৬টা সেলাই পড়েছে। ওঁর (অভিযুক্ত) কড়া শাস্তি চাই।”
এদিকে, যুবতীর পরিবার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে ১০৯ ধারা (খুনের চেষ্টা) মামলা দায়ের করা হয়নি।
