Canning: বিধায়কের কাছে খবর পাঠাতেন, ইন্টেলিজেন্স ব্যুরোর সিভিক ভলান্টিয়রের ঘাড়ে নেমে এল কোপ!
Civic Volunteer Demobilized Canning: বিকাশ সাহানি ইন্টেলিজেন্স ব্যুরো (IB) বিভাগে সিভিক ভলান্টিয়র হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, আইবি-তে কর্মরত থাকার সুবাদে পুলিশ ও থানার বিভিন্ন গোপন অভিযানের আগাম খবর পেয়ে যেতেন তিনি। তদন্তকারীদের অনুমান, একাধিক মামলায় দীর্ঘ ১৭ দিন ধরে ফেরার থাকা বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিতে প্রত্যক্ষভাবে সাহায্য করতেন বিকাশ।

দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়র বিকাশ সাহানিকে অবশেষে কাজ থেকে ‘ডিমোবিলাইজ’ বা বরখাস্ত করল পুলিশ প্রশাসন। বর্তমানে তিনি ৩ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। গোপন তথ্য পাচার এবং ফেরার বিধায়ককে আড়াল করার মতো গুরুতর অভিযোগ ওঠায় প্রশাসনের তরফে এই কড়া পদক্ষেপ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এছাড়া পূর্বে ধৃত সিভিক ভলান্টিয়র বিকাশ সাহানীর বিরুদ্ধে মারধরের ঘটনায় ক্যানিং থানায় একটি মামলা ছিল, সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিকাশ সাহানি ইন্টেলিজেন্স ব্যুরো (IB) বিভাগে সিভিক ভলান্টিয়র হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, আইবি-তে কর্মরত থাকার সুবাদে পুলিশ ও থানার বিভিন্ন গোপন অভিযানের আগাম খবর পেয়ে যেতেন তিনি। তদন্তকারীদের অনুমান, একাধিক মামলায় দীর্ঘ ১৭ দিন ধরে ফেরার থাকা বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিতে প্রত্যক্ষভাবে সাহায্য করতেন বিকাশ।
উল্লেখ্য, গত সোমবার কলকাতা বিমানবন্দর থেকে বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন বিকাশ সাহানি। ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করে পুলিশ এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়। ধৃত সিভিক ভলান্টিয়রকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৩ দিনের (আগামী ১৩ নভেম্বর পর্যন্ত) পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
গ্রেফতারির পরই কড়া অবস্থান নিয়ে বিকাশ সাহানিকে ডিমোবিলাইজ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে প্রশাসন সূত্রে এও জানানো হয়েছে যে, ভবিষ্যতে বিচার বিভাগীয় আদালত (ট্রায়াল কোর্ট) যদি এই মামলা থেকে বিকাশ সাহানিকে অব্যাহতি দেয় বা তিনি নির্দোষ প্রমাণিত হন, তবে নিয়ম অনুযায়ী তাঁকে পুনরায় কাজে বহাল (রিমোবিলাইজ) করা হতে পারে। আপাতত পুলিশি হেফাজতে রেখে তাঁকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা।
