Viral Image of Sougata Roy-Shatrughan Sinha: নাড্ডার সঙ্গে এক টেবিলে খাওয়া-দাওয়া! এবার চর্চায় সৌগত-শত্রুঘ্ন
TMC-NCPI: সংসদে এই ছবি খুবই চেনা। অনেক সময়ই শাসক-বিরোধী সাংসদরা একসঙ্গে বসে খাবার খান, কথা বলেন। তবে এই ছবি আলাদাভাবে তাৎপর্য পাচ্ছে কারণ এই ছবি এনসিপিআই শেয়ার করছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়েছে।

নয়া দিল্লি: আরও একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)? কালীঘাট তৃণমূল (TMC) কি ফাঁকা হয়ে যাবে সম্পূর্ণ? এই প্রশ্ন তুলে দিচ্ছে একটা ছবি। কী আছে সেই ছবিতে? একই খাবার টেবিলে বসে আছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ও সৌগত রায় (Sougata Roy)। তাঁদের পাশেই বসে আছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। তাহলে কি এবার সৌগত-শত্রুঘ্নও চলে যাচ্ছেন এনসিপিআই-তে?
জানা গিয়েছে, এই ছবিটি গতকাল সংসদের ভিতরের। এনসিপিআই-র তরফেই এই ছবিটি শেয়ার করা হচ্ছে। সংসদের ক্যান্টিনে এক টেবিলে বসে খাওয়া-দাওয়া, জেপি নাড্ডার সঙ্গে খোশমেজাজে গল্প করছিলেন তৃণমূলের দুই সাংসদ। এরপরই তুমুল জল্পনা। তবে কী তৃণমূলে আরও ভাঙন ধরছে?
সংসদে এই ছবি খুবই চেনা। অনেক সময়ই শাসক-বিরোধী সাংসদরা একসঙ্গে বসে খাবার খান, কথা বলেন। তবে এই ছবি আলাদাভাবে তাৎপর্য পাচ্ছে কারণ এই ছবি এনসিপিআই শেয়ার করছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়েছে। তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনসিপিআই নামক একটি ছোট দলে যোগ দিয়েছেন। তারা এনডিএ-কে সমর্থন করছেন। সেই আবহেই এই ছবি তাৎপর্যপূর্ণ।
যদিও এই ছবি নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন সৌগত রায়। ভাইরাল ছবি সম্পর্কে তিনি সাফ বলেন, “জে পি নাড্ডার সঙ্গে বসে কখনও লাঞ্চ করিনি”। তাঁর দাবি, তিনি যখন লাঞ্চ করছিলেন, তখন হয়তো নাড্ডা পাশে এসে বসতে পারেন।
এনসিপিআই-কে এড়িয়ে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন সৌগত রায়। তিনি বলেন, বিজেপি ডিপার্টমেন্ট অব লাইজ (Departmental of Lies) চালায়।”
