NEET Examination paper leak: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস? NEET-এ ৭২০-র মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই মিলে গেল!
NEET 2026 controversy: প্রাকটিস প্রশ্নপত্র, যা অনেক পড়ুয়ার কাছেই ছিল, তার সঙ্গে নিট পরীক্ষার আসল প্রশ্নপত্রের একটা বড় অংশ মিলে গিয়েছে। এরপরই সংশয় তৈরি হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই লিক বা ফাঁস করে দেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

নয়া দিল্লি: নিট (NEET 2026) পরীক্ষা নিয়ে আবার বিতর্ক। আসল প্রশ্নপত্র মিলে গেল পড়ুয়াদের হাতে থাকা প্রাকটিস প্রশ্নপত্রের সঙ্গে। আর তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল? লাখ লাখ পড়ুয়াদের ডাক্তারি পড়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ল?
কোথায় পেপার লিক হল?
রাজস্থানের শিকর জেলায় প্রাকটিস প্রশ্নপত্র, যা অনেক পড়ুয়ার কাছেই ছিল, তার সঙ্গে নিট পরীক্ষার আসল প্রশ্নপত্রের একটা বড় অংশ মিলে গিয়েছে। এরপরই সংশয় তৈরি হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই লিক বা ফাঁস করে দেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
গেস পেপারই আসল?
এই গেস পেপার হল আগের পরীক্ষাগুলির প্রশ্নের প্যাটার্ন দেখে কোচিং সেন্টারগুলির বানানো প্রশ্নপত্র, যা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, তার একটা ধারণা দেয়। কিছু কিছু প্রশ্ন মিলে যাওয়াটা অস্বাভাবিক না হলেও, নিট পরীক্ষার প্রশ্নপত্রের অনেকটাই ওই গেস পেপারের হুবহু এক হওয়াতেই সন্দেহ তৈরি হয়েছে।
রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রের খবর, গত ৩ মে হয়ে যাওয়া নিট পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই গেস পেপারের সঙ্গে মিলে গিয়েছে। পরীক্ষা হওয়ার আগেই ছাত্র-ছাত্রীদের হাতে এই প্রশ্নপত্র ছিল। এমনকী, ওই প্রশ্নপত্রের অপশনও হুবহু মিলে গিয়েছে। এবার নিছকই ওই প্রশ্নপত্র এতটা মিলে গিয়েছে নাকি সত্যিই পরীক্ষার আগে পেপার লিক হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কত টাকায় বিক্রি হয়েছে?
সূত্রের খবর, নিট পরীক্ষার দুইদিন আগে শিকরে এই গেস প্রশ্নপত্র পাওয়া যাচ্ছিল। ২০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকাতে বিক্রি হয়েছে এই প্রশ্নপত্র। পরীক্ষার আগেেরদিন রাতে এক একটি প্রশ্নপত্রের কপি ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ইতিমধ্যেই তদন্তকারীরা সূত্র ধরে এক এমবিবিএস পরীক্ষার্থীর কাছে পৌঁছেছে, যে বর্তমানে কেরলের একটি মেডিক্যাল কলেজে পড়ে। ১ মে ওই পরীক্ষার্থী তাঁর বন্ধুকে গেস পেপার দেয়। তারপরই সমস্ত পিজি, কোচিং সেন্টার, কেরিয়ার কাউন্সিলর, এননকী পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যায় ওই প্রশ্নপত্র। তাতে ৩০০-রও বেশি ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির হাতে লেখা প্রশ্ন ছিল। ওই প্রশ্নপত্রের মধ্যে থেকে ১৪০টি প্রশ্ন মিলে গিয়েছ আসল পরীক্ষায়।
নিট পরীক্ষা হয়ে যাওয়ার পর একজন পুলিশ ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে অভিযোগ জানান। পুলিশের তদন্তের উপরে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করবে এনটিএ।
আগেও নিট (NEET) নিয়ে বিতর্ক-
প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র লিক, নম্বর বাড়িয়ে দেওয়া, অবৈধভাবে র্যাঙ্কিং পাইয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছিল। দেশ জুড়ে বিক্ষোভ-প্রতিবাদ হয়েছিল। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।
