Tollygunge illegal construction: ছুটির সকালে বসল বিশেষ বেঞ্চ, টালিগঞ্জে ‘বেআইনি’ নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ
Tollygunge illegal construction demolition stay: ঘটনার সূত্রপাত টালিগঞ্জের ৫১/১এ এবং ৫১/১বি, সতীশ মুখার্জি রোডের একটি বাড়িকে কেন্দ্র করে। বেআইনি নির্মাণের অভিযোগে রবিবার সকালেই বিশাল পুলিশবাহিনী ও বুলডোজার নিয়ে হাজির হয় কলকাতা পুরসভা। প্রশাসনিক পদক্ষেপের মুখে স্থানীয় অধিবাসীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের তুমুল বচসা তৈরি হয়।

কলকাতা: টালিগঞ্জের ‘বেআইনি’ নির্মাণ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, পুরসভা এখনই ওই ভবন ভাঙতে পারবে না। রবিবার ছুটির দিনে এক বিশেষ বেঞ্চে শুনানি শেষে বিচারপতি রাজা বসুচৌধুরী নির্দেশ দেন, আগামী ৩০ দিন পুরসভার দেওয়া ভাঙার নোটিস কার্যকর করা যাবে না। এই সময়কালের মধ্যে আবেদনকারী আইনি প্রতিকার খোঁজার সুযোগ পাবেন।
ঘটনার সূত্রপাত টালিগঞ্জের ৫১/১এ এবং ৫১/১বি, সতীশ মুখার্জি রোডের একটি বাড়িকে কেন্দ্র করে। বেআইনি নির্মাণের অভিযোগে রবিবার সকালেই বিশাল পুলিশবাহিনী ও বুলডোজার নিয়ে হাজির হয় কলকাতা পুরসভা। প্রশাসনিক পদক্ষেপের মুখে স্থানীয় অধিবাসীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের তুমুল বচসা তৈরি হয়।
পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তড়িঘড়ি হাই কোর্টের দ্বারস্থ হন এলাকার বাসিন্দা অনিতা দাস। ছুটির দিনে বিশেষ অনুমতিক্রমে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নির্দেশে বিশেষ বেঞ্চ বসে। মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, ওই ঠিকানায় দীর্ঘদিন ধরে বসবাস চলছে। এর আগে পুরসভার দেওয়া শো-কজ নোটিসকে চ্যালেঞ্জ করে করা মামলাটি ইতিমধ্যেই হাই কোর্টে বিচারাধীন। সেই বিচারাধীন বিষয় থাকা সত্ত্বেও হঠাৎ রবিবার বেলা ১১টা থেকে ভাঙার কাজ শুরু করে পুরসভা। যুক্তিতর্ক শুনে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আপাতত ৩০ দিনের জন্য ভাঙার কাজ স্থগিত থাকবে।
