Explosive Recovery: মিলল কিছু সাংকেতিক শব্দ, ধাতব বাক্সতেই কি না এইসব…বর্ডারে ভয়ঙ্কর ঘটনা
Terror Plan in India: যে কাগজপত্র উদ্ধার হয়েছে তাতে দিল্লি এবং মুম্বই সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। যা দেখেই অনুমান করা হচ্ছে, স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের। একটি বক্সের ভিতরে এই বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা ছিল।

অমৃতসর: স্বাধীনতা দিবসের মুখে ভারতের বুকে বড়সড় হামলার পরিকল্পনা? লক্ষ্য দিল্লি বা মুম্বই? পঞ্জাবের জলন্ধর থেকে উদ্ধার বিপুল পরিমাণে আরডিএক্স (RDX)। বোমা তৈরির সামগ্রীও মিলল এর সঙ্গে।
মুম্বই এবং দিল্লির বুকে বড়সড় নাশকতা রুখল জলন্ধর পুলিশ এবং কাউন্টার ইন্টেলিজেন্স। জানা গিয়েছে, ভারত-পাক সীমান্ত থেকে প্রায় দেড় ঘন্টা দূরত্বে অবস্থিত জলন্ধরের একটি এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ৩০০ গ্রাম আরডিএক্স।
একটি বক্সের ভিতরে এই বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা ছিল। একইসঙ্গে সেখানে রাখা ছিল টাইম মেশিন, বেশ কিছু লোহার বিয়ারিং এবং বোমা তৈরি করার সামগ্রী। এছাড়াও বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। যেখানে সাংকেতিক শব্দ রয়েছে বলে জলন্ধর পুলিশের গোয়েন্দা সূত্রে খবর।
যে কাগজপত্র উদ্ধার হয়েছে তাতে দিল্লি এবং মুম্বই সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। যা দেখেই অনুমান করা হচ্ছে, স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের।
সীমান্ত দিয়ে স্লিপার সেলের মাধ্যমে এই বিপুল পরিমাণে বিস্ফোরক নিজেদের নেটওয়ার্কের কাছে পৌঁছে দেওয়ার প্ল্যান ছিল। সেই উদ্দেশ্যেই জলন্ধরের একটি পরিত্যক্ত বাড়িতে রাখা হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক।
স্থানীয় বাসিন্দারা সন্দেহজনকভাবে সেই বাক্সটি পড়ে থাকতে দেখতে পান এবং পুলিশে খবর দেন। ইতিমধ্যেই জলন্ধর গ্রামীণ পুলিশ এফআইআর দায়ের করেছেন। সাংকেতিক শব্দগুলিতে মূলত কী বলা হয়েছিল, তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে।
বিস্ফোরক বিশেষজ্ঞদের কথায়, যে বিশাল পরিমাণ বিস্ফোরণ উদ্ধার হয়েছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। বিশেষ করে দিল্লি, মুম্বইয়ের মতো জনবহুল এলাকায় বড়সড় ক্ষতি হতে পারত।
স্বাধীনতা দিবসের আগে জঙ্গিরা দেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীতে নাশকতার পরিকল্পনা করেছে বলেই অনুমান করছেন গোয়েন্দারা। যে কারণে পঞ্জাবের পাক সীমান্ত অথবা নেপাল সীমান্তকে ব্যবহার করা হচ্ছে বলে আশঙ্কা গোয়েন্দারা।
