PM Modi BRICS Summit: ‘ভারতে আজ স্টার্টআপ বিপ্লব হচ্ছে’, সমুদ্রপথে সুরক্ষার দাবি প্রধানমন্ত্রী মোদীর
PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদী বলেন, "গত ১২ বছরে ভারত এই মন্ত্রকে অর্থনীতি ও বাণিজ্য নীতির ভিত্তি বানিয়েছে। ভারত শক্তি থেকে প্রযুক্তি পর্যন্ত সাপ্লাই চেইনকে আরও নিপুণ ও বিশ্বাসযোগ্য করেছে। এরই ফল হল বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারত আজ বৃদ্ধি ও স্থিতিশীলতার ভরসা দিচ্ছে।"

ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI
নয়া দিল্লি: ভারতে বসছে ব্রিকস সম্মেলনের আসর। আগামিকাল, ১২ সেপ্টেম্বর থেকে শুরু ব্রিকস লিডারস সামিট। এই সামিটে যোগ দিতে আসছেন একাধিক রাষ্ট্রনেতা। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেন তাঁর সঙ্গে। বৈঠক শেষে ভারত মণ্ডপমে ব্রিকস বিজনেস ফোরামে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
তিনি বলেন-
- ব্রিকসের অর্থনৈতিক শক্তি দুই গুণ গতিতে বেড়েছে। বৈশ্বিক অর্থনীতির জন্যও ব্রিকস গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের দেশে উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্রিকসের বৃদ্ধি, গতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
- ভারতে আয়োজিত ব্রিকস ফোরাম এখনও পর্যন্ত সবথেকে বড় ব্রিকস বিজনেস ফোরাম। ভারতের অধীনে ব্রিকসের থিম হল- বিল্ডিং ফর রেজিলিয়েন্স-ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি।
- বিগত ১২ বছরে ভারত এই মন্ত্রকে অর্থনীতি ও বাণিজ্য নীতির ভিত্তি বানিয়েছে। ভারত শক্তি থেকে প্রযুক্তি পর্যন্ত সাপ্লাই চেইনকে আরও নিপুণ ও বিশ্বাসযোগ্য করেছে। এরই ফল হল বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারত আজ বৃদ্ধি ও স্থিতিশীলতার ভরসা দিচ্ছে। আমরা রাস্তা, রেলওয়ে ও বন্দরের দ্রুত বৃদ্ধি করছি। এর সঙ্গে জাহাজ তৈরি, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম, ক্রিটিকাল মিনারেল এবং বায়োটেকের মতো গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক ক্ষেত্রে নতুন ক্ষমতা দেখিয়েছি। এই ক্ষেত্রগুলিতে ভারত বৈশ্বিক ব্যবসার জন্য নতুন ক্ষেত্র হিসাবে উঠে এসেছে। এই জন্য মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া সাহায্য করছে।
- আজ ভারতে স্টার্টআপ বিপ্লব হচ্ছে। দুই লক্ষেরও বেশি স্টার্টআপ, ১২০টিরও বেশি ইউনিকর্নকে নিয়ে ভারত আজ গ্লোবাল সলিউশনের হাব হয়ে উঠছে। এর এক ঝলক আপনারা ব্রিকস: ভারত ইনোভেটসে দেখতে পাবেন। আমাদের স্টার্টআপ, এআই, শিক্ষা, হেলথকেয়ারকে পরিবর্তন করছে। গ্রিন হাইড্রোজেন নিয়ে কাজ হচ্ছে। মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রেও একের পর এক সাফল্য আসছে। ব্রিকসের সদস্য দেশরাও এই পদ্ধতি গ্রহণ করতে পারে।
- ব্রিকসের মঞ্চকে ব্যবহার করে আমাদের এই বিশ্বমানের উদ্ভাবনকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে হবে।
- ভারতের ইউপিআই ডিজিটাল ট্রানজাকশনকে নতুন গতি দিয়েছে। আজ বিশ্বের ৫০ শতাংশ রিয়েল টাইম পেমেন্ট এই প্রযুক্তির মাধ্যমেই হচ্ছে। এই ডিজিটাল লেয়ারে নতুন সলিউশনের জন্য শিল্প ও স্টার্টআপ-দের খোলা মঞ্চ দিয়েছে। আমরা গর্বিত যে ভারতের এই বিশ্বমানের ইকোসিস্টেমকে বহু দেশ গ্রহণ করছে।
- ২০১৪ সালের পর থেকে বিশ্বের প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছি আমরা। বাধা সরিয়ে, ব্যবসার জন্য সুযোগ তৈরি করে দেওয়াই আমাদের লক্ষ্য। স্টার্টআপ ও এমএসএমই-দেরও নানা সুবিধা দেওয়া হয়েছে। সকলে এই সুযোগ নিতে পারেন। প্রতিভার আদান-প্রদান করতে পারেন।
- সমুদ্রপথ সুরক্ষিত থাকলে, সরবরাহের রাস্তা খোলা থাকলে এবং নাবিকরা সুরক্ষিত থাকলেই বৈশ্বিক বাণিজ্য় সম্ভব। সেই কারণেই ভারত মুক্ত পথ ও নাবিকদের সুরক্ষার জন্য বরাবর সমর্থন করেছে।
- আমরা চাই, মহিলা উদ্যোগপতিরা আমাদের বৃদ্ধিকে তুলে ধরুক। এই বৈঠকেও ২০০-রও বেশি মহিলা অংশ নিয়েছেন। আজ যখন ব্রিকস তৃতীয় দশকে প্রবেশ করছে, ব্রিকস বিজনেস কাউন্সিলের কাছে আমার অনুরোধ থাকবে যে প্রথম ১০টি বাণিজ্যে বাধা সরাতে রিপোর্ট বানান। আমরা প্রতি বছর ১০০টি স্টার্টআপকে অন্য দেশের মার্কেটে কি সাহায্য করতে পারি না? আমাদের ব্যবসায় হাজার নতুন অংশীদারিত্ব তৈরি করতে পারি না? প্রতি বছর আমাদের এটা নিয়ে রিভিউ করা উচিত।
- ব্রিকস আগে এগিয়ে যাক, বিশ্বকেও আগে নিয়ে যাক।
Follow Us
