Rahul Gandhi: ‘রাহুল নিজেকে সবজান্তা ভাবেন’, কংগ্রেস হালহকিকত নিয়ে বড় কথা প্রশান্ত কিশোরের
Lok Sabha Election: প্রশান্ত কিশোরের ব্যাখ্যা, 'যদি আপনি গত ১০ বছর ধরে একই কাজ করে যান এবং কোনও সাফল্য না আসে, সেক্ষেত্রে বিরতি নেওয়ার ক্ষেত্রে কোনও ক্ষতি থাকার কথা নয়। তখন আপনার উচিত অন্য কাউকে পাঁচ বছরের জন্য সেই কাজের সুযোগ করে দেওয়া। তাঁর মা'ও সেটাই করেছেন।'

নয়া দিল্লি: রাহুল গান্ধীকে নিয়ে এবার বড় মন্তব্য করে দিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। এবারের লোকসভা ভোটেও যদি কংগ্রেস আশানুরূপ ফল না করে, তাহলে সরে দাঁড়ানো উচিত রাহুলের। এমনই মনে করছেন প্রশান্ত কিশোর। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বলেছেন তিনি। পিকের মতে, ‘গত দশ বছর ঘরে ব্যর্থ হওয়াকর পরও রাহুলই দল চালিয়ে যাচ্ছেন। নিজেও সরে দাঁড়াতে পারছেন না, আবার অন্য কারও হাতে স্টিয়ারিংও দিতে পারছেন না।’
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের মধ্যে এই ব্যবস্থাকে ‘গণতান্ত্রিক-বিরোধী’ বলেও মনে করছেন তিনি। প্রশান্ত কিশোরের ব্যাখ্যা, ‘যদি আপনি গত ১০ বছর ধরে একই কাজ করে যান এবং কোনও সাফল্য না আসে, সেক্ষেত্রে বিরতি নেওয়ার ক্ষেত্রে কোনও ক্ষতি থাকার কথা নয়। তখন আপনার উচিত অন্য কাউকে পাঁচ বছরের জন্য সেই কাজের সুযোগ করে দেওয়া। তাঁর মা’ও সেটাই করেছেন।’ এই প্রসঙ্গে কথা বলার সময়, রাজীব গান্ধীর মৃত্যুর পর সনিয়ার রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্তের কথা এবং পি ভি নরসিমা রাও-এর হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান প্রশান্ত কিশোর।
এরপরই রাহুলের ভূমিকার সমালোচনা করে পিকে বলেন, ‘রাহুল গান্ধী মনে করেন, তিনি সব জানেন। যদি আপনি নিজে বুঝতে না পারেন যে আপনার সাহায্যের দরকার, তাহলে কেউই আপনাকে সাহায্য করতে পারবে না। তিনি বিশ্বাস করেন, তাঁর এমন একজনকে দরকার, যিনি তাঁর ভাবনা মতো কাজ করবেন। এটা সম্ভব নয়।’
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর রাহুল গান্ধী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পিকের কথায়, সেই সময় ওয়েনাডের সাংসদ চেয়েছিলেন তিনি সরে দাঁড়াবেন এবং অন্য কাউকে কাজ করতে দেবেন। কিন্তু, বাস্তবে তিনি যা লিখেছেন, ঠিক তার বিপরীত কাজ করছেন বলেই মনে করছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
