Bangladesh PM Tarique Rahman: তারেক রহমানের শপথ গ্রহণে থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর?
India-Bangladesh Relation: গতকাল, ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই প্রথম অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি তারেক-কে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। লেখার পাশাপাশি ফোন করেও বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী, এমনটাই সূত্রের খবর।

নয়া দিল্লি: বাংলাদেশে নতুন সূচনা। আর অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার দেশ শাসন করবে। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি (BNP)। প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান (Tarique Rahman)। ভোটের ফল এখনও সম্পূর্ণ ফলাফল প্রকাশ পায়নি। এদিকে, নিয়মের জটিলতার কারণে আজ, ১৪ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারছেন না তারেক রহমান। শোনা যাচ্ছে, আগামী সোমবার বা মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন তারেক। পড়শি দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কি ভারতের প্রতিনিধিও উপস্থিত থাকবে?
সূত্রের খবর, সময় মতো যদি আমন্ত্রণ আসে, তাহলে তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে, খালেদা জিয়ার মৃত্যুর পরও তাঁর শেষকৃত্যে অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন তিনি। ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। অন্যদিকে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
গতকাল, ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই প্রথম অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি তারেক-কে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। লেখার পাশাপাশি ফোন করেও বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী, এমনটাই সূত্রের খবর।
বিগত কয়েক বছরে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ত হয়েছে পরিস্থিতির কারণে। শেখ হাসিনার সরকারের পতনের পরই দুই দেশের সম্পর্কে ধীরে ধীরে অবনতি হয়। তবে তারেক রহমানের আমলে সেই সম্পর্ক আবারও উন্নতি হতে পারে বলেই আশা করা হচ্ছে। সেই লক্ষ্যেই নয়া দিল্লি এই পদক্ষেপ করতে পারে।
