Visa-free entry: ভারতীয়দের বিনামূল্যে ভিসা দিচ্ছে এই দেশ, সস্তার ঘুরে আসুন বিদেশ
Visa-free entry for Indians: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং দেশের পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতের দক্ষিণের এই দেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিল তাদের মন্ত্রিসভা। ভারতের পাশাপাশি এই সুবিধা দেওয়া হবে চিন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের বাসিন্দাদেরও।

কলম্বো: প্রথমবার বিদেশ যাত্রা করেন যাঁরা, অধিকাংশ সময়ই তাঁরা চান, দেশটি যেন ভারতের কাছাকাছি হয়। দ্বিতীয়ত, ভারতীয় মুদ্রা যেন সেই দেশের মুদ্রার থেকে শক্তিশালি হয়, যাতে কম টাকায় বেশি মজা করা যায়। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হল ভিসা। অনেক দেশেই অনেক আগে থেকে ভিসার আবেদন করতে হয়। আর বিশ্বের বেশ কয়েকটি দেশে ভারতীয়দের ভিসা পেতে গেলে, তার জন্য আলাদা করে অর্থ প্রদান করত হয়। এবার এই তিন বিষয়ই পূর্ণ হতে চলেথে শ্রীলঙ্কায়। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং দেশের পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতের দক্ষিণের এই দেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিল শ্রীলঙ্কার মন্ত্রিসভা। ভারতের পাশাপাশি এই সুবিধা দেওয়া হবে চিন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের বাসিন্দাদেরও।
এখনও পর্যন্ত এই বিনামূল্যে ভিসা প্রদানের প্রকল্পটি, একটি পাইলট প্রকল্প হিসাবে চালু করছে শ্রীলঙ্কা। সোশ্যাল মিডিয়ায় শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী আলি সাবরি জানিয়েছেন, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে এই পাইলট প্রকল্প। এক্স হ্যান্ডেলে আলি সাবরি লিখেছেন, ‘ভারত, চিন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডকে একটি পাইলট প্রকল্প হিসাবে অবিলম্বে ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ক্যাবিনেট।” এর আগে, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শ্রীলঙ্কার বিদেশ নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের সিদ্ধান্তের ফলে, এই দেশগুলির পর্যটকরা এখন বিনামূল্যে শ্রীলঙ্কার ভিসা পাবেন।
বস্তুত, শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতন চালিকাশক্তি হল পর্যটন। আর শ্রীলঙ্কার পর্যটনের অন্যতম প্রধান উৎস হল ভারতীয় পর্যটকরা। গত সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় মোট ৩০,০০০ ভারতীয় পর্যটকের পা পড়েছিল, মোট পর্যটকের ২৬ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল চিনা পর্যটকরা। সেপ্টেম্বরে ৮,০০০ চিনা পর্যটক বেড়াতে এসেছিলেন শ্রীলঙ্কায়। ২০১৯ সালের ইস্টার সানডের সন্ত্রাসবাদী হামলায় ১১ ভারতীয়-সহ ২৭০ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় মারাত্মক ক্ষতি হয়েছিল শ্রীলঙ্কার পর্যটন শিল্পের। ব্যাপকভাবে কমেছিল পর্যটকদের আগমন। কোভিড মহামারিতে একেবারে থমকে গিয়েছিল দ্বীপরাষ্ট্রটির পর্যটন। তারপর, এই দেশ স্বাধীনতরা পর থেকে সবথেকে কঠিন অর্থনৈতিক সঙ্কটে পড়েছিল। যার অন্যতম কারণ ছিল পর্যটনের খাতের ক্ষতি।
শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রক সম্প্রতি জানিয়েছিল, মন্ত্রিসভার আগের বৈঠকেই ভারত-সহ পাঁচ দেশের বিদেশি পর্যটকদের জন্য বিনামূল্যে পর্যটন ভিসা প্রদানের প্রস্তাবটি রাখা হয়েছিল। পর্যটন মন্ত্রকের আশা, বিনামূল্যে ভিসা দেওয়ার ফলে আগামী বছরে পর্যটকের সংখ্যা বেড়ে ৫০ লক্ষ হবে। এই পদক্ষেপ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বলেও আশা করা হচ্ছে। অন্যদিকে, ভারতীয় পর্যটকদের জন্য বলি, শ্রীলঙ্কার মুদ্রার থেকে ভারতীয় টাকা অনেকটাই শক্তিশালী। সেই দেশে ভারতীয় মুদ্রায় ১ টাকার মূল্য ৩.৯ টাকা। কাজেই এক লক্ষ টাকা খরচ করলেই প্রায় চার লক্ষ টাকার সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন ভারতীয় পর্যটকরা।
