Supreme Court: ‘শিক্ষকদের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষাব্যবস্থা নয়’, বদলি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
Supreme Court on Teacher's Transfer: মামলায় হাইকোর্ট বোর্ডকে নির্দেশ দিয়েছিল যাতে শিক্ষিকার আবেদন বিবেচনা করা হয়। সেই আবেদন বিবেচনা করা হয়নি বলে আদালত অবমাননার মামলা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকা। বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে ছিল মামলার শুনানি।

নয়া দিল্লি: শিক্ষক-শিক্ষিকাদের চাকরির ক্ষেত্রে বদলি একটা বড় ইস্যু। বিশেষত শিক্ষিকারা বিশেষ প্রয়োজনেও অনেক সময় স্কুল বদল করতে পারেন না। তবে ব্যক্তিগত প্রয়োজনে এভাবে স্কুল বদল করার বিপক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। বিবাহিত শিক্ষিকা শ্বশুরবাড়ির জেলায় চাকরি করার জন্য বদলির আবেদন করেছিলেন। হাইকোর্ট তাঁর আবেদনের পক্ষে রায় দিলেও শীর্ষ আদালতে মিলল না অনুমতি। বড় পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট।
কী সেই মামলা?
উত্তর প্রদেশের এক শিক্ষিকা আবেদন জানিয়েছিলেন, যাতে তাঁকে বাহরাইচ জেলা থেকে লখনউ জেলার স্কুলে বদলি করা হয়। ইউপি বেসিক এডুকেশন নীতি অনুযায়ী শিক্ষিকাদের ক্ষেত্রে ছাড় থাকে। সেই নীতির ভিত্তিতেই এই আবেদন করেছিলেন শিক্ষিকা। এই মামলায় হাইকোর্ট বোর্ডকে নির্দেশ দিয়েছিল যাতে শিক্ষিকার আবেদন বিবেচনা করা হয়। সেই আবেদন বিবেচনা করা হয়নি বলে আদালত অবমাননার মামলা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকা। বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে ছিল মামলার শুনানি।
কী বলল সুপ্রিম কোর্ট?
বোর্ডের যুক্তি হল, কাট অফ মার্কসের থেকে কম নম্বর পেয়েছেন ওই শিক্ষিকা, তাই তাঁকে বদলি করা সম্ভব নয়। এছাড়া স্কুলে যথেষ্ট শিক্ষক-শিক্ষিকা নেই বলেও উল্লেখ করেছে বোর্ড।
সুপ্রিম কোর্টের বক্তব্য, এই সমস্যা বহু কর্মীরই হয়। কোনও কর্মী ভিন্ন জেলায় বদলিকে নিজের অধিকার বলে দাবি করতে পারে না। পড়ুয়াদের তথা স্কুলের অসুবিধা সত্ত্বেও কোনও শিক্ষক-শিক্ষিকাকে এভাবে বদলি করা যায় না বলে উল্লেখ করেছে শীর্ষ কোর্ট।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কোনও শিক্ষক-শিক্ষিকার কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়া নয়। বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে, “প্রত্যেক শিক্ষকের মনে রাখা দরকার, শিক্ষা ব্যবস্থা মূলত পড়ুয়াদের জন্যই, শিক্ষকদের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। তাঁদের পছন্দমতো বদলি করার জন্যও নয়।” সংশ্লিষ্ট শিক্ষিকার বদলির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
