NCERT-র বইয়ে ‘বিচারব্যবস্থায় দুর্নীতি’ চ্যাপ্টার! কড়া ব্যবস্থা নেবে ক্ষুব্ধ সুুপ্রিম কোর্ট
Supreme Court: প্রধান বিচারপতি কঠোর ভাষায় বলেন, সুপ্রিম কোর্ট কাউকে প্রতিষ্ঠানের (বিচারব্যবস্থা) সততা নিয়ে প্রশ্ন তুলতে বা অবমাননা করতে দেবে না। প্রধান বিচারপতি বলেন যে হাই কোর্টের বিচারপতি থেকে শুরু করে একাধিক ব্যক্তির কাছ থেকে অগুনতি ফোন ও মেসেজ পেয়েছেন। সকলেই এনসিইআরটি-র এই চ্যাপ্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নয়া দিল্লি: এনসিইআরটি (NCERT)-র পাঠ্যপুস্তকে বিচারব্যবস্থায় দুর্নীতির চ্যাপ্টার! ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট (Supreme Court)। এনসিইআরটি-র অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে বিচারব্যবস্থা নিয়ে এমন লেখার কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মঙ্গলবার বলেন যে এটি বিচার ব্যবস্থার উপরে পরিকল্পিত আক্রমণ।
মঙ্গলবার আইনজীবী কপিল সিবল শীর্ষ আদালতে এই প্রসঙ্গ তোলেন এবং বলেন যে স্কুলের পাঠ্য পুস্তকে বিচারব্যবস্থায় দুর্নীতির চ্যাপ্টার যোগ করায় বারের সদস্যরা অত্যন্ত চিন্তিত ও বিরক্ত। সিবল বলেন, “এই প্রতিষ্ঠানের সিনিয়র সদস্য হিসাবে আমরা অত্যন্ত ডিসটার্বড এই বিষয় নিয়ে।”
প্রধান বিচারপতি কঠোর ভাষায় বলেন, “সুপ্রিম কোর্ট কাউকে প্রতিষ্ঠানের (বিচারব্যবস্থা) সততা নিয়ে প্রশ্ন তুলতে বা অবমাননা করতে দেবে না”। প্রধান বিচারপতি বলেন যে হাই কোর্টের বিচারপতি থেকে শুরু করে একাধিক ব্যক্তির কাছ থেকে অগুনতি ফোন ও মেসেজ পেয়েছেন। সকলেই এনসিইআরটি-র এই চ্যাপ্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধান বিচারপতি জানান যে এই বিষয়টা যতদূরই যাক না কেন, আদালত এটা নিয়ে পদক্ষেপ করবে। শীর্ষ আদালত কোনওভাবে বিচারব্যবস্থার উপরে কোনও আক্রমণ মানবে না। এনসিইআরটি-র পাঠ্য পুস্তকে এই চ্যাপ্টার যোগ প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এটা বিচারব্যবস্থার উপরে পরিকল্পিত আক্রমণ লাগছে। আমরা কাউকে বিচার ব্যবস্থাকে টার্গেট বানাতে দেব না।”
আরেক সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভিও বলেন যে শুধুমাত্র বিচারব্যবস্থাকেই আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, “এমনভাবে এটা করা হয়েছে যেন শুধু বিচারব্যবস্থাতেই দুর্নীতি হয়। কোনও রাজনীতিবিদ, মন্ত্রী, আমলা বা কারোর উল্লেখ নেই। অন্য জায়গাতেও তো দুর্নীতি রয়েছে”। এর উত্তরে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “সাংবিধানিক অখণ্ডতাই বই থেকে মিসিং।”
