AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: উত্তরবঙ্গে সিন্ডিকেট, কাটমানি রুখতে রেলপথে বড় উদ্যোগ? দিল্লি থেকে যা জানালেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari in Delhi: পরিবহনের পথে টোলের নামে কাটমানি বা অবৈধ আদায় বন্ধ করতে রেলপথে পণ্য পরিবহন বাড়ানোর আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, "সিন্ডিকেট, কাটমানি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছি। উত্তরবঙ্গে থেকে যে সমস্ত বৈধ জিনিসপত্র রয়েছে, তা রোডের পরিবর্তে রেলে যাতে আনতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং অতিরিক্ত রেক চাইলে দিতে হবে।"

Suvendu Adhikari: উত্তরবঙ্গে সিন্ডিকেট, কাটমানি রুখতে রেলপথে বড় উদ্যোগ? দিল্লি থেকে যা জানালেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 7:14 PM
Share

নয়া দিল্লি: বাংলার রেল ও মেট্রো পরিষেবা সম্প্রসারণে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো দ্রুত চালু তোরজোড় থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গে কাটমানি রুখতে রেলমন্ত্রীকে  বৈধ জিনিসের পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। কাটমানি রুখতে তা সড়কপথের পরিবর্তে রেলে নিয়ে আসার জন্য আবেদন করেছি।

উত্তরবঙ্গ নিয়ে কী বললেন?

উত্তরবঙ্গে বৈধ পণ্য পরিবহণের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন তিনি। পরিবহনের পথে টোলের নামে কাটমানি বা অবৈধ আদায় বন্ধ করতে রেলপথে পণ্য পরিবহন বাড়ানোর আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “সিন্ডিকেট, কাটমানি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছি। উত্তরবঙ্গে থেকে যে সমস্ত বৈধ জিনিসপত্র রয়েছে, তা রোডের পরিবর্তে রেলে যাতে আনতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং অতিরিক্ত রেক চাইলে দিতে হবে।”

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, রেলমন্ত্রীর কাছে মূলত চারটি বিষয়ে সহযোগিতা চেয়েছেন তিনি। রাজ্যের আটকে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করা এবং নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের বিষয়েও আলোচনা হয়েছে।

দ্রুত চালু হবে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো?

মুখ্যমন্ত্রী জানান, চিংড়িঘাটা রেলওয়ে কানেকশন সম্পূর্ণ হওয়ার পর নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই। এবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চান তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে এই মেট্রো পরিষেবার উদ্বোধন করেন, সেই আবেদন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করার জন্যও উদ্যোগী হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

মার্চের মধ্যে কাজ শেষ করার আবেদন

হিলি, নন্দীগ্রাম ও দেশপ্রাণের মতো একাধিক রেল প্রকল্প জমি সমস্যার কারণে আটকে ছিল। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকার অনেক আগেই ওই প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় জমি দিয়ে দিয়েছে। তাই আগামী মার্চ মাসের মধ্যে এই প্রকল্পগুলির কাজ শেষ করে রেল চলাচল শুরু করার আর্জি জানিয়েছেন তিনি।

শুভেন্দু জানান, তাঁর আবেদনে সাড়া দিয়ে রেলমন্ত্রী নন্দীগ্রামের একাংশে অবিলম্বে রেল পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন।

১৯টি নতুন রেল প্রকল্পের জন্য বরাদ্দের আর্জি

রাজ্যের আরও ১৯টি রেল প্রকল্প ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে জমি সংক্রান্ত সমস্যার কারণে প্রকল্পগুলির কাজ এগোয়নি। তবে বর্তমানে সমীক্ষা বা জমি অধিগ্রহণের ক্ষেত্রে আর কোনও বাধা নেই বলে দাবি তাঁর। রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় এনওসি-ও দেওয়া হয়েছে।

আগামী কেন্দ্রীয় বাজেটে এই ১৯টি রেল প্রকল্পের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় বরাদ্দ পেলে প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

গঙ্গাসাগর পর্যন্ত পৌঁছবে রেল, খরচ প্রায় ৪ হাজার কোটি!

গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম একটি আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। সেখানে রেল পরিষেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুভেন্দু জানান, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ম্যাপ ও পরিকল্পনা তৈরি করে ফেলেছে রেল মন্ত্রক। প্রকল্পটি বাস্তবায়িত করতে আনুমানিক ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে। দ্রুত সমীক্ষার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত ট্রেন চালানোর লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের জন্য তা বড় প্রাপ্তি হবে।

পণ্য পরিবহণে আরও রেক

রাজ্যে বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটায় পণ্য পরিবহণের চাহিদাও বেড়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। সেই কারণে রেলের কাছে অতিরিক্ত রেক বরাদ্দের আবেদন জানিয়েছেন তিনি। এই বিষয়ে আগামী সোমবার একটি যৌথ বৈঠক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Follow Us