Sonia Gandhi: ‘ক্ষমা চাইতে হবে’, সনিয়াকে আইনি নোটিস বিনায়ক সাভারকরের প্রপৌত্রের, কিন্তু কেন?
Sonia Gandhi received Legal Notice: নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া, বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়া এবং প্রয়োজনীয় সংশোধন করার দাবি জানানো হয়েছে। তা না হলে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সত্যকী।

নয়া দিল্লি: সনিয়া গান্ধীর (Sonia Gandhi) বইয়ে বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য! এমনই অভিযোগ তুলে এবার কংগ্রেস নেত্রীকে আইনি নোটিস পাঠালেন বিনায়ক দামোদর সাভারকরের প্রপৌত্র সত্যকী সাভারকর (Satyaki Savarkar)। বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যকে ‘বিকৃত উপস্থাপনা’ বলে দাবি করেছেন তিনি। অবিলম্বে ওই মন্তব্যের ব্যাখ্যা, সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন সত্যকী।
১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অব লভ'(Belonging: A Journey of Love)। বইটির ২০১ ও ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে নিয়ে করা দু’টি মন্তব্যে আপত্তি জানিয়েছেন তাঁর প্রপৌত্র। আইনজীবী সংগ্রাম কোলহাটকরের মাধ্যমে পাঠানো আইনি নোটিসে বলা হয়েছে, ওই মন্তব্যগুলি তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিক প্রেক্ষাপটের দিক থেকে বিভ্রান্তিকর এবং সাভারকরের সম্মান ও উত্তরাধিকারকে ক্ষুণ্ণ করার মতো।
ঠিক কী নিয়ে বিতর্ক?
বইয়ের ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, ব্রিটিশ শাসকদের হাতে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচারিত হচ্ছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের প্রবীণ মতাদর্শীরা ঔপনিবেশিক শাসকদের কাছে ক্ষমা ভিক্ষার আবেদন জানাচ্ছিলেন। পাশাপাশি, আরএসএসের সদস্যরা ব্রিটিশ কর্তৃপক্ষকে তথ্য দিচ্ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
এই বক্তব্যের বিরোধিতা করে নোটিসে দাবি করা হয়েছে, এর ফলে এমন ধারণা তৈরি হয় যে সাভারকর স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের হয়ে তথ্য সরবরাহ করতেন কিংবা তাঁদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। অথচ সাভারকরের কারাবাস, ক্ষমার আবেদন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করেই এমন মন্তব্য করা হয়েছে। ব্রিটিশ শাসনকালে দীর্ঘ কারাবাস, আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন এবং কঠোর নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে নোটিসে। সত্যকীর দাবি, সেই সময়কার পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনা না করে ক্ষমার আবেদন নিয়ে মন্তব্য করায় সাভারকরের জীবন ও রাজনৈতিক সংগ্রামের অসম্পূর্ণ এবং বিকৃত ছবি তুলে ধরা হয়েছে।
এখানেই শেষ নয়। বইয়ের ৪৪৩ নম্বর পাতার একটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন সত্যকী। সেখানে বলা হয়েছে, মহাত্মা গান্ধীর সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকর হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা। তাঁর ভারত ভাবনায় হিন্দুরাই প্রধান এবং সর্বোচ্চ। আরএসএস, বিজেপি ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠনও এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বলে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিসে কী বলা হয়েছে?
এই মন্তব্যেরও বিরোধিতা করে আইনি নোটিসে বলা হয়েছে, সাভারকরের রাজনৈতিক ও আদর্শগত দর্শনকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর ভারত ভাবনাকে শুধুমাত্র হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠার ধারণা হিসেবে তুলে ধরা হয়েছে, যা তাঁর মতাদর্শের বিকৃত উপস্থাপনা।
নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া, বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়া এবং প্রয়োজনীয় সংশোধন করার দাবি জানানো হয়েছে। তা না হলে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সত্যকী।
উল্লেখ্য, এর আগে সনিয়া গান্ধীর বইয়ে সাভারকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাও। দলের নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। এবার সরাসরি আইনি নোটিস ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল।
