AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tomato: মাঠে টমেটোর দাম কম, অথচ বাজারে এত বেশি কেন?

Your India: সবজির দামের এই অস্বাভাবিক ওঠানামার পিছনেও রয়েছে একই সমস্যা। কোনও একটি সবজির দাম যখন বাজারে হঠাৎ বেড়ে যায়, তখন সেই খবর শুনে বহু কৃষক পরের মরশুমে সেই সবজির চাষ শুরু করেন। কয়েক মাস পর একসঙ্গে বিপুল পরিমাণ সবজি বাজারে চলে আসে। ফলে জোগান বেড়ে গিয়ে দাম হুড়মুড়িয়ে কমে যায়।

Tomato: মাঠে টমেটোর দাম কম, অথচ বাজারে এত বেশি কেন?
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 7:48 PM
Share

একটি টমেটোর জীবন ও যাত্রাপথ দেখা যাক। ছোট্ট একটি জমিতে গাছের ডালে বেড়ে উঠেছে টমেটোটি। কৃষক গোপাল যত্ন করে পরিচর্যা করেছেন। জুন মাসের এক সকালে পাকা, টকটকে লাল টমেটোটি গাছ থেকে পেড়ে আরও হাজারখানেক টমেটোর সঙ্গে একটি বাক্সে ভরে ফেললেন তিনি। সেদিন মাত্র ৩০ কিলোমিটার দূরের একটি বাজারে টমেটোর এত বেশি জোগান যে, তা কেনার লোকই নেই। ফলে গোপালকে এমন কম দাম বলা হল, যাতে ট্রাক ভাড়া দেওয়ার টাকাটুকুও উঠবে না। সন্ধ্যার মধ্যে আশপাশের কয়েকজন কৃষক তাঁদের টমেটো রাস্তার ধারে ফেলে দিতে বাধ্য হলেন। গোপালও নামমাত্র দামে টমেটো বিক্রি করে দিলেন। কারণ টমেটো বেশিদিন রেখে দেওয়া যায় না। তাছাড়া তাঁরও অপেক্ষা করার উপায় নেই। মাথার উপর রয়েছে ঋণের বোঝা, যা তাঁকে শোধ করতেই হবে।

অথচ এর মাত্র তিন মাস আগে, মার্চ মাসে সেই একই টমেটোর দাম ছিল কেজি প্রতি ১০০ টাকা। দাম এতটাই বেশি ছিল যে বহু পরিবার রান্নায় টমেটো ব্যবহার করাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু জুন মাসে যখন কৃষকরা টমেটো বিক্রি করে লোকসানের মুখে পড়ছেন, তখন পাড়ার দোকানে সেই টমেটোর দাম কিন্তু বিশেষ কমছে না। সাধারণভাবে জোগান বাড়লে দাম কমার কথা। কিন্তু ভারতে কয়েক বছর অন্তর এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে কৃষক কম দাম পেলেও, ক্রেতাকে বেশি দাম দিয়েই সবজি কিনতে হয়। মাঠ থেকে খাবারের থালা পর্যন্ত পৌঁছনোর মাঝখানে ঠিক কী ঘটে, তা জানতেই এই বিষয়টি নিয়ে গবেষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)।

রিজার্ভ ব্যাঙ্কের গবেষকরা এমন তিনটি সবজি নিয়ে সমীক্ষা করেছেন, যেগুলির দাম প্রায়ই বাজারে বড়সড় ওঠানামা তৈরি করে। সেগুলি হল টমেটো, পেঁয়াজ এবং আলু। গবেষণায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ক্রেতা যে দামে সবজি কেনেন, তার মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষক। বাকি টাকা চলে যায় মাঝের সরবরাহ ব্যবস্থায় যুক্ত বিভিন্ন পক্ষের কাছে। এরা কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করেন, পরিবহণ করেন, সংরক্ষণ করেন এবং পাইকারি ও খুচরো বাজারে বিক্রি করেন।

তুলনায় দেখা গিয়েছে, দুধের ক্ষেত্রে একজন দুগ্ধ উৎপাদক, ক্রেতার দেওয়া মোট দামের প্রায় ৭০ শতাংশ পান। সেখানেই কোনও ক্রেতা যদি এক কেজি টমেটোর জন্য ৩০ টাকা দেন, তাহলে যে কৃষক টমেটোটি উৎপাদন করেছেন, তাঁর ভাগে পড়ে মাত্র ১০ টাকা।

তবে এই তথ্য দেখে মাঝের ব্যবসায়ীদের একতরফা দোষারোপ করাও ঠিক হবে না। কারণ শাকসবজি খুব তাড়াতাড়ি পচে যায়। সেগুলি বাছাই করা, গাড়িতে তোলা, ঠান্ডা জায়গায় রাখা এবং পচে যাওয়ার আগেই বিক্রি করা জরুরি। এই গোটা প্রক্রিয়ায় পরিবহনের খরচ, বরফ, হিমঘরের ভাড়া, দোকানের ভাড়া এবং পথে নষ্ট হয়ে যাওয়া সবজির ক্ষতি—সবকিছুর জন্যই টাকা খরচ হয়। ফলে ক্রেতার দেওয়া দামের একটা বড় অংশ এই খরচ মেটাতেই চলে যায়।

গবেষণায় সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ঠিক কতটা লাভ হচ্ছে, তার বিস্তারিত হিসাব দেওয়া হয়নি। তাই কে অতিরিক্ত মুনাফা করছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট—এই ব্যবস্থায় সবচেয়ে বেশি সুবিধা পান তাঁরাই, যাঁদের কাছে অপেক্ষা করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ, যাঁরা হাতে সময় এবং টাকা নিয়ে পণ্য মজুত করে রাখতে পারেন।

কৃষক গোপালের কোনও হিমঘর নেই। হাতে অতিরিক্ত টাকাও নেই। তাই যে দিন টমেটো তোলেন, সেই দিনই তাঁকে তা বিক্রি করে দিতে হয়। আর আশ্চর্যের বিষয় হল, সেই দিনই বাজারে টমেটোর দাম সবচেয়ে কম থাকে।  অন্যদিকে, কোনও ব্যবসায়ীর কাছে যদি হিমঘর এবং অতিরিক্ত পুঁজি থাকে, তাহলে তিনি কয়েক সপ্তাহ টমেটো মজুত করে রাখতে পারেন। পরে বাজারে দাম বাড়লে তা বিক্রি করতে পারেন। অথচ টমেটো একই, জমিও একই। শুধু পার্থক্য হল, একজন অপেক্ষা করতে পারেন, অন্যজন পারেন না। ফলে যাঁর অপেক্ষা করার সামর্থ্য রয়েছে, তিনিই বেশি লাভ করেন।

সাধারণত বাজারকে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির জায়গা হিসেবে দেখা হয়। কিন্তু পচনশীল পণ্যের ক্ষেত্রে বাজারের লড়াইটা আসলে তাঁদের মধ্যে, যাঁরা অপেক্ষা করার সামর্থ্য রাখেন এবং যাঁরা রাখেন না।

সবজির দামের এই অস্বাভাবিক ওঠানামার পিছনেও রয়েছে একই সমস্যা। কোনও একটি সবজির দাম যখন বাজারে হঠাৎ বেড়ে যায়, তখন সেই খবর শুনে বহু কৃষক পরের মরশুমে সেই সবজির চাষ শুরু করেন। কয়েক মাস পর একসঙ্গে বিপুল পরিমাণ সবজি বাজারে চলে আসে। ফলে জোগান বেড়ে গিয়ে দাম হুড়মুড়িয়ে কমে যায়। এরপর লোকসানের ভয়ে পরের মরশুমে কৃষকরা সেই সবজির চাষ কমিয়ে দেন। তখন বাজারে ঘাটতি তৈরি হয় এবং আবার দাম বেড়ে যায়। এভাবেই চলতে থাকে দামের ওঠানামার চক্র।

এক অর্থে বাজারের দাম কৃষকদের ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কারণ কোনও সবজির দাম বাড়ার খবর যখন কৃষকের কাছে পৌঁছয়, ততদিনে পরবর্তী মরশুমের চাষের সময় পেরিয়ে যায়। এর উপর আবহাওয়ার খামখেয়ালিপনা পরিস্থিতি আরও জটিল করে তোলে। কয়েকদিনের তীব্র গরম কিংবা এক সপ্তাহের প্রবল বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেতে পারে। ফলে বাজারে সবজির জোগান আরও অনিশ্চিত হয়ে পড়ে।

এই পরিস্থিতির প্রভাব অবশ্য সবার উপর সমানভাবে পড়ে না। যেসব পরিবার প্রতিদিনের নির্দিষ্ট অল্প টাকার মধ্যে বাজার করে, সবজির দাম বাড়লে তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। বিশেষ করে যেসব পরিবার আয়ের বড় অংশ খাবার কেনার পিছনে খরচ করে, সাধারণত আর্থিকভাবে দুর্বল সেই পরিবারগুলির উপরেই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি চাপ পড়ে। সবজির দাম কমে গেলে ক্ষতির মুখে পড়েন কৃষকরা। আর দাম বেড়ে গেলে সমস্যায় পড়েন সাধারণ ক্রেতারা।

শুধু কৃষক বা ক্রেতারাই নন, দেশের অন্যান্য মানুষও এই সমস্যার প্রভাব থেকে মুক্ত নন। কারণ, ভারতীয় পরিবারগুলির খরচের একটি বড় অংশই খাবার কেনার পিছনে যায়। সবজির দাম বাড়লে সামগ্রিক মূল্যসূচকেও তার প্রভাব পড়ে। আর সেই মূল্যবৃদ্ধি আবার সাধারণ মানুষের ঋণের সুদের হার নির্ধারণের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ, একটি টমেটোর দাম বাড়া বা কমার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে।

রিজার্ভ ব্যাঙ্কের গবেষণায় এই সমস্যার সমাধানের জন্য কয়েকটি পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থার উন্নতি, আরও বেশি সংরক্ষণাগার তৈরি, প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার এবং এমন সবজির উন্নত প্রজাতি নিয়ে গবেষণা করা, যেগুলি তীব্র গরম ও অনিয়মিত বৃষ্টির মধ্যেও ভালোভাবে বেড়ে উঠতে পারে।

এই পরিবর্তনগুলি রাতারাতি সম্ভব নয়। তবে কয়েকটি পদক্ষেপের সুফল সহজেই বোঝা যায়। যেমন কোনও গ্রামের কাছে একটি হিমঘর থাকলে, কৃষককে ফসল তোলার তিন ঘণ্টার মধ্যেই তা বিক্রি করে দিতে হবে না। তিনি অন্তত তিনদিন অপেক্ষা করতে পারবেন। আবার কোনও এলাকায় টমেটো প্রক্রিয়াকরণের ছোট কারখানা থাকলে অতিরিক্ত টমেটো দিয়ে পিউরি তৈরি করা সম্ভব। ফলে বাজারে টমেটোর জোগান অতিরিক্ত বেড়ে গেলেও, তা নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।

এই ধরনের ব্যবস্থা গড়ে উঠলে যাঁদের হাতে টাকা ও সংরক্ষণের সুবিধা রয়েছে, তাদের একতরফা সুবিধা কিছুটা কমবে। একই সঙ্গে কৃষকও নিজের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়ার সুযোগ পাবেন। এতে কাউকে ক্ষতিগ্রস্ত না করেই বাজার ব্যবস্থাকে আরও ন্যায্য করে তোলা সম্ভব।

এদিকে, কৃষক গোপালের সেই টমেটোটি ততক্ষণে অনেকটা পথ পেরিয়ে গিয়েছে। ট্রাকে চেপে বাজারে পৌঁছেছে, সেখান থেকে গিয়েছে হিমঘরে। এরপর শহরের একটি দোকানের কাউন্টারে জায়গা পেয়েছে। এক মহিলা টমেটোটি হাতে তুলে ভালো করে দেখে নিজের ব্যাগে ভরে নিয়েছেন। এই পুরো যাত্রাপথে প্রত্যেকেই নিজের ভাগের টাকা পেয়েছেন। মহিলা টমেটোর দাম মিটিয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু একবারও হয়তো তাঁর মনে হয়নি, এই টমেটোটি কোন কৃষকের জমিতে ফলেছিল।

আপনি যখন এক কেজি পেঁয়াজ কেনেন, তখন কি কখনও ভেবে দেখেছেন, আপনার দেওয়া টাকার সবচেয়ে বড় অংশটি আসলে কার পকেটে যায়?

তথ্যসূত্র: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভারতে সবজির মূল্যবৃদ্ধি সংক্রান্ত গবেষণাপত্র—টমেটো, পেঁয়াজ ও আলুর উপর সমীক্ষা। ৪ অক্টোবর ২০২৪-এ বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদন। এখানে গোপাল একজন কাল্পনিক কৃষক, তবে গবেষণার তথ্য বাস্তব।

Follow Us