AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21 July Martyrs’ Day Menu: ঋতব্রতর একুশে জুলাইয়ে সয়াবিন আর ডিম-ভাত, কী খাওয়াচ্ছেন মমতা?

21 July Martyrs' Day Food Arrangements: ঋতব্রত তৃণমূল কর্মীদের জন্য খাবারের কী ব্যবস্থা করেছে? এখানেই চমক। এতদিন তৃণমূলের শহিদ দিবস অনুষ্ঠানে ডিম-ভাত থাকত কর্মীদের জন্য। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এই ডিম-ভাতের ব্যবস্থা রাখছে কর্মী-সমর্থকদের জন্য। শুধু তাই নয়, ডিম-ভাতের সঙ্গে সয়াবিনের তরকারিও পড়বে কর্মী-সমর্থকদের পাতে।

21 July Martyrs' Day Menu: ঋতব্রতর একুশে জুলাইয়ে সয়াবিন আর ডিম-ভাত, কী খাওয়াচ্ছেন মমতা?
একুশে জুলাই তৃণমূল কর্মীদের খাবারের মেনু নিয়ে আগ্রহ থাকে রাজনৈতিক মহলেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 9:26 PM
Share

প্রদীপ্তকান্তি ঘোষ ও সুমন মহাপাত্র

কলকাতা: শহিদদের স্মরণ। একুশে জুলাই পালন নিয়ে গত ১৫ বছরের সেই চেনা ছবি এবার বদলে যাচ্ছে। তৃণমূলেরই দুই শিবির দুই জায়গায় শহিদ দিবস পালন করছে। তার সঙ্গে রয়েছে কংগ্রেস। সোমবার কলকাতায় তিন জায়গায় শহিদ দিবস পালনে কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। তার সঙ্গে আর একটা বিষয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এবারের একুশে জুলাইয়ে এই তিন জায়গায় আসা কর্মী সমর্থকদের জন্য কী খাবারের ব্যবস্থা করা হয়েছে। কী খাওয়াবে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল আর কংগ্রেস?

বাংলায় ক্ষমতায় আসার আগে থেকেই একুশে জুলাই পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরই শহিদ দিবসের সমাবেশ বহরে বাড়ে। গত বছর পর্যন্ত দেখা গিয়েছে, একুশে জুলাইয়ের তিন দিন আগেও দূর দূরান্তের জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় পৌঁছে গিয়েছেন। আর তাঁদের থাকার ব্যবস্থা করা হত শহরের বিভিন্ন জায়গায়। সেখানে খাবারেরও ব্যবস্থা করা হত। আর তৃণমূলের শহিদ দিবসের মেনু ছিল ডিম-ভাত। এই মেনু কার্যত জনপ্রিয় হয়ে ওঠে।

এবার রাজ্যে পালাবদলের পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। মমতার নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস পালনের অনুমতি পেয়েছে। তবে আড়াই হাজারের বেশি কর্মী-সমর্থকের জমায়েত করা যাবে না। এই পরিস্থিতিতে কর্মীদের জন্য খাবারের কী ব্যবস্থা করেছে কালীঘাট তৃণমূল, তা নিয়ে কৌতূহল বাড়ে রাজনৈতিক মহলে। কালীঘাট তৃণমূল অবশ্য জানিয়ে দিল, এ বছর কর্মী-সমর্থকদের জন্য খাবারের কোনও ব্যবস্থা থাকছে না। 

খাবারের ব্যবস্থা না থাকলেও তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের সঙ্গে রয়েছেন বলে জানালেন কালীঘাট তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বলেন, “একুশে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সেটাই প্রমাণ হবে। কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।” রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, “এরা সমস্ত জায়গায় বাধার সৃষ্টি করছে। থাকার জায়গায় বাধার সৃষ্টি করছে। আমাদের দমানোর চেষ্টা হচ্ছে। এতে লাভ হবে না। কর্মীরা ঠিক নিজের মতো করে পৌঁছে যাবে।”

কালীঘাট তৃণমূল খাবারের ব্যবস্থা করছে না। কিন্তু ঋতব্রত তৃণমূল? তারা কর্মীদের জন্য খাবারের কী ব্যবস্থা করেছে? এখানেই চমক। এতদিন তৃণমূলের শহিদ দিবস অনুষ্ঠানে ডিম-ভাত থাকত কর্মীদের জন্য। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এই ডিম-ভাতের ব্যবস্থা রাখছে কর্মী-সমর্থকদের জন্য। শুধু তাই নয়, ডিম-ভাতের সঙ্গে সয়াবিনের তরকারিও পড়বে কর্মী-সমর্থকদের পাতে।

কংগ্রেস কী ব্যবস্থা করছে?

এ বছর কংগ্রেসের শহিদ দিবস পালন নিয়েও উৎসাহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস খাবারের কী ব্যবস্থা করেছে? হাত শিবির জানিয়েছে, নির্দিষ্ট কোনও ব্যবস্থা করা হয়নি। হরিয়ানা ভবন, মাহেশ্বরী ভবন, এই ধরনের ধর্মশালায় মূলত নিরামিষ খাওয়ার চল রয়েছে। তাই রাঁধুনি রেখে নিরামিষ রান্না হচ্ছে। ভাত, ডাল, পাঁচ মিশেলি তরকারি থাকবে। কলকাতা পৌরনিগমের অতিথিশালাতে তাই ব্যবস্থা করা হয়েছে।

কংগ্রেস আরও জানিয়েছে, সল্টলেক স্টেডিয়ামে স্থানীয় যে ব্যবস্থা করা যাচ্ছে, সেখানে মাছ, ডিম যেমন পাওয়া যাচ্ছে। সঙ্গে ভাত, ডাল, সবজি। মঙ্গলবার সকাল থেকে টোস্ট, পাউরুটি এই সব ব্যবস্থা থাকবে।কংগ্রেসের বক্তব্য, কলকাতা স্টেশনে মঙ্গলবার সকালে কয়েক হাজার লোক আসবেন। তাঁদের জন্য স্থানীয়ভাবে ডিম, মাছের ব্যবস্থা থাকবে।

Follow Us