Final voter list: চূড়ান্ত তালিকায় ২ জায়গায় নাম ভোটারের, রিপোর্ট চাইলেন CEO
SIR in Bengal: উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর। আর উত্তর ২৪ পরগনার একটি বিধানসভা কেন্দ্র অশোকনগর। কীভাবে এই ভুল থেকে গেল, তা জানতে চেয়ে দুই জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

কলকাতা: এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো। মৃত ভোটার, স্থানান্তরিত ভোট এবং একই ভোটারের ২ জায়গায় নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম পূরণ, শুনানি, তথ্য খতিয়ে দেখার পরও এসআইআর-র চূড়ান্ত তালিকায় গরমিল। সন্ধান মিলল ডুপ্লিকেট ভোটারের। একই ভোটারের নাম পাওয়া গেল শ্যামপুকুর আর অশোকনগরে। কীভাবে শুনানির পরও দু’জায়গায় নাম রয়ে গেল, সেই প্রশ্ন উঠছে। রিপোর্ট চাইলেন সিইও মনোজ আগরওয়াল।
চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গিয়েছে, ওই ভোটার এবং তাঁর বাবার নাম দুই জায়গাতে একই রয়েছে। শুধু একটি কেন্দ্রে তাঁর বয়স ৫৬ বছর লেখা রয়েছে। অন্য জায়গায় লেখা রয়েছে ৫৮ বছর। ডিসেম্বর মাসে সিইও দফতর জানিয়েছিল, ওই ভোটারকে শোকজ করা হয়েছে। কেন দুই বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তা জানতে চাওয়া হয়। অর্থাৎ ওই ভোটার যে দুই জায়গায় ফর্ম পূরণ করেছেন, সেই তথ্য আগে থেকেই ছিল সিইও দফতরে। তারপরও চূড়ান্ত ভোটার তালিকায় দু’জায়গায় তাঁর নাম কীভাবে জ্বলজ্বল করছে সেই প্রশ্ন উঠেছে।
উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর। আর উত্তর ২৪ পরগনার একটি বিধানসভা কেন্দ্র অশোকনগর। কীভাবে এই ভুল থেকে গেল, তা জানতে চেয়ে দুই জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ৬২ লক্ষের মতো নাম বাদ গিয়েছে। আবার ৬০ লক্ষের নাম ‘অমীমাংসিতের’ তালিকায়। তাঁদের নথি খতিয়ে দেখা হচ্ছে। নানা ইস্যুতে এসআইআর নিয়ে কমিশনকে লাগাতার তোপ দেগে চলেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে একই ভোটারের ২ জায়গায় নাম থাকা নিয়ে নতুন করে চাপানউতোর বাড়ল।
