Kolkata: কাজ শেষে বাড়ি ফেরা হল না তরুণীর, পিষে গেল মাথা, রাতের শহরে মর্মান্তিক ঘটনা
Salt Lake: রাতের শহরে বেপরোয়া গতির দাপাদাপির জেরেই দুর্ঘটনা এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাতে খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ওই তরুণীর সহকর্মীরা। তাঁদের অভিযোগ, পুলিশ বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করে না। সেই কারণেই বারবার এমন ঘটনা ঘটে চলেছে।

কলকাতা: রাতের শহরে ফের বেপরোয়া গতি গাড়ির। মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন ২৯ বছরের তরুণী। সেক্টর ফাইভে হোটেলে কর্মরত ছিলেন রিম্পা ধাড়া নামে ওই তরুণী। বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রতিনিয়ত বহু মানুষ রাতে কাজ সেরে অ্যাপ বাইকে চেপে বাড়ি ফেরেন। এই ঘটনা তাঁদের কাছে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে অ্যাপ বাইক বুক করে কসবার দিকে যাচ্ছিলেন ওই তরুণী। বাইকের পিছনে বসেছিলেন তিনি। সেক্টর ফাইভের ব্রিজের ওপর থেকে নিকো পার্কের দিকে যাওয়ার সময় আচমকা পিছন দিক থেকে বেপরোয়া ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারে বলে অভিযোগ। আচমকা ধাক্কায় বাইকের পিছনে বসে থাকা আরোহী রিম্পা ধাড়া ছিটকে গিয়ে পড়েন রাস্তায়। বেপরোয়া গতি থাকায় মাথার উপর দিয়ে পিষে চলে যায় ওই ডাম্পার।
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন রিম্পা। ট্রাফিক পুলিশের সহায়তায় অটো করে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধান নগর মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘাতক গাড়ি এবং গাড়ির চালক পলাতক। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তবে রাতের শহরে বেপরোয়া গতির দাপাদাপির জেরেই দুর্ঘটনা এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাতে খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ওই তরুণীর সহকর্মীরা। তাঁদের অভিযোগ, পুলিশ বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করে না। সেই কারণেই বারবার এমন ঘটনা ঘটে চলেছে।
