Agnimitra Paul: ‘হিং টিং ছট’…কার ‘অনুপ্রেরণায়’ ছড়া লিখলেন অগ্নিমিত্রা?
Agnimitra Paul's Poem: ভিডিয়োর শুরুতেই অগ্নিমিত্রাকে (Agnimitra Poem) বলতে শোনা যায়, ছোটবেলা থেকেই তাঁর সুকুমার রায়ের কবিতা ভালো লাগে। তিনি বলেন, "সুকুমার রায় আমাকে কখনও ভাবায়, কখনও কাঁদায় কোনও কোনও সময়। আজ তাঁর একটি বা অনেকগুলো কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে ছড়া লিখেছি।" এরপরই ছড়াটা শোনান অগ্নিমিত্রা।

ভিডিয়োর শুরুতেই অগ্নিমিত্রাকে (Agnimitra Poem) বলতে শোনা যায়, ছোটবেলা থেকেই তাঁর সুকুমার রায়ের কবিতা ভালো লাগে। তিনি বলেন, “সুকুমার রায় আমাকে কখনও ভাবায়, কখনও কাঁদায় কোনও কোনও সময়। আজ তাঁর একটি বা অনেকগুলো কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে ছড়া লিখেছি।” এরপরই ছড়াটা শোনান অগ্নিমিত্রা।
অগ্নিমিত্রার ছড়া
হিংটিংছট
৩৪ বছর লাল নিশান, কথায় কথায় বড় জ্ঞান
ধর্মঘট আর মিছিল-মিটিং
হিং টিং ছট
হিং টিং ছট
সকালে বনধ, বিকেলে ডাক
কাজের বেলায় তালা থাক
বাসও বন্ধ, দোকানও বন্ধ
জনজীবন থাকত স্তব্ধ
কম্পিউটার আসছে দেশে
আপত্তি উঠল হেসে হেসে
কম্পিউটার নাকি চাকরি খাবে!
তাই তাকে দূরে সরিয়ে রাখবে
কলকারখানা বন্ধ হল
কত মানুষের স্বপ্ন গেল
নতুন শিল্পের খবর নাই
বেকার ছেলের জবাব নাই
ডিগ্রি নিয়ে ঘুরছে ছেলে
চাকরি মেলে না ভাগ্যবলে
বাবার টাকা, মায়ের আশা, বেকার জীবন সর্বনাশা
নেতার মুখে বড় বড় বাণী
সবাই নাকি শ্রমিক শ্রেণী
নিজের ভুলের কথা উঠলে পুরনো দিনের গল্প বলে
দিমাগী দাদার জ্ঞানের ঝুলি, কথায় ফুলঝুরি, খালি খুলি
দেশের হাল কে নেবে ভাই? প্রশ্ন করলে উত্তর নাই
৩৪ বছরের হিসেব খাতা, মানুষ রাখেনি কিছুই মাথায়
সবই দেখেছে, সবই জেনেছে
ভোটের বাক্সে জবাব দিয়েছে
মানুষ চিনেছে, বুঝেছে তাই
আর পুরনো পথে হাঁটে নাই
পুরনো দিনের বাঁধন ছেড়ে
নতুন সূর্য উঠুক ভোরে
হিংটিংছট, হিংটিংছট
৩৪ বছরের পালা শেষে ফট
মানুষ যখন জবাব দেয়, ক্ষমতার মসনদ টলে যায়
কথায় নয়, কাজে পরিচয়
মানুষের রায়ই শেষ কথা কয়
হিংটিংছট, হিংটিংছট
৩৪ বছরের পট পাল্টে গেল ঝটপট
৩৪ বছর হয়েছে পার, বামফ্রন্ট এরপর পগারপার,
কারণ মানুষের নেই ভরসা আর
হিংটিংছট, হিংটিংছট
ছড়া দেখেই বোঝা যাচ্ছে মূলত বামেদের নিশানা করেছেন তিনি। জ্যোতি বসুর আমলে রাজ্যে কম্পিউটার চালুর বিরোধিতা থেকে শুরু করে বেকারত্ব, ৩৪ বছরের বাম শাসনকে তুলোধনা করেছেন। একইসঙ্গে তিনি বলতে চেয়েছেন, বামেদের উপর মানুষের ভরসা নেই বলে তাঁদের ভোটব্যাঙ্ক শূন্য হয়েছে। মানুষ রায় দিয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই এনকাউন্টার নিয়ে কবিতা লিখেছিলেন মন্ত্রী। অক্টোবরে পরপর দু’টি এনকাউন্টারের পর কবিতাটি লিখেছিলেন। রাজ্যের মন্ত্রী লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক,ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার,সেই হাত রুখুক অপরাধ বারবার। অন্যায়ের কাছে মাথা নত নয়,অপরাধের বিরুদ্ধে কঠোরতা চাই।কখনও পরিস্থিতি কঠিন হয়,সিদ্ধান্তের ভারও সহজ নয়।তবু সাহসের মূল্য কম নয়,মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়। রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে,শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে।অপরাধ দমনে দৃঢ়তা চাই,মানুষের নিরাপত্তায় আপস নাই।”
