Suvendu defeated Mamata: ভবানীপুরে এসে ‘ঘরের মেয়ে’ মমতাকে হারালেন শুভেন্দু, কত হাজারের ব্যবধান?
Mamata Banerjee: দীর্ঘদিন ভবানীপুরে লড়াই করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেই পরাজিত তিনি। কুড়ি রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু। অর্থাৎ নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: দীর্ঘদিন ভবানীপুরে লড়াই করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ সেখানেই পরাজিত তিনি। কুড়ি রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। অর্থাৎ নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু অধিকারী।
ভবানীপুরে গণনা নিয়ে কম জলঘোলা হয়নি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সেখানে। অভিযোগ করেছেন ভোট গণনা নিয়ে কারচুপি করা হচ্ছে। তবে, গণনা চলছিলই। আর রাত্রি সাড়ে ৯টা নাগাদ খবর এল, প্রায় পনেরো হাজার ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে, ২০ রাউন্ড গণনার পর শুভেন্দু অধিকারী পেয়েছেন, ৭৩ হাজার ৪৬৩ ভোট। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৩৪৯।
এর আগে শুভেন্দু বলেই দিয়েছিলেন তিনি জিতে যাবেন। তিনি বলেছিলেন, “ভবানীপুরের ডিডেল বলে দিচ্ছি। প্রথম-রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড-ফোর্থ-ফিপথ রাউন্ডে মুসলমান বুথ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড থাকবে। ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। কুড়ি রাউন্ডে আমি জিতব।” দেখা গেল বাস্তবেও সেইটাই হল। জয় পেলেন তিনি। জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ দিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, “বিজেপি ভোট লুঠ করেছে। আমায় মারা হয়েছে। জোর করে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।” তবে শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রামেও জিতেছেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল।
