Suvendu Adhikari: দুটো টিকিট কনফার্ম? কেন্দ্রের নাম নিয়ে কী বললেন শুভেন্দু

BJP: গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু। জয়ী হয়ে বিধানসভার বিরোধী দলনেতা হন তিনি। এবারের প্রার্থী তালিকায় যে তাঁর নাম রয়েছে, তা একরকম নিশ্চিত। তবে কেন্দ্রের নাম নিয়েই রয়েছে জল্পনা।

Suvendu Adhikari: দুটো টিকিট কনফার্ম? কেন্দ্রের নাম নিয়ে কী বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 15, 2026 | 1:32 PM

কলকাতা: রবিবারই বঙ্গের ভোট ঘোষণা হতে পারে। তারপরই একে একে সব রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করবে। ইতিমধ্যেই সব দল প্রস্তুতি শুরু করেছে। নাম চূড়ান্ত না হলেও শুভেন্দু অধিকারীকে দুই কেন্দ্রে টিকিট দিতে পারে বিজেপি। এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে বলে সূত্রের খবর।

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু। জয়ী হয়ে বিধানসভার বিরোধী দলনেতা হন তিনি। এবারের প্রার্থী তালিকায় যে তাঁর নাম রয়েছে, তা একরকম নিশ্চিত। তবে কেন্দ্রের নাম নিয়েই রয়েছে জল্পনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু এবার সাফ জানিয়ে দিলেন, নন্দীগ্রাম রেখে অন্য কোনও কেন্দ্রের কথা ভাববেন তিনি।

শুভেন্দু জানিয়েছেন, বিজেপি সমষ্টিগতভাবে কোনও সিদ্ধান্ত নেয়। প্রার্থী বাছাইও সেভাবেই হচ্ছে। তিনি বলেন, “বিজেপি আমাকে টিকিট দিতে পারে, নাও দিতে পারে। তবে নন্দীগ্রামে আমি লড়ব। তারপর দল যদি অন্য কোনও কেন্দ্রের কথা ভাবে, তাহলে ভাবতে পারে।” নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শুভেন্দু। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। তাই এই কেন্দ্র ছাড়ার কোনও প্রশ্নই নেই।

এদিকে ভবানীপুর কেন্দ্র নিয়েও চলছে আলোচনা। সূত্রের খবর, দল চাইছে শুভেন্দুকে ভবানীপুরে দাঁড় করাতে। সে ব্যাপারে শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত কিছু বলতে চাননি।

Follow Us