BJP: প্রাক্তন রাজ্য সভাপতিদের নাম নেই কমিটিতে! ৩ ঘণ্টার মধ্যেই ‘ভুল’ শোধরাল বিজেপি
BJP West Bengal State Committee: বিকেল ৫টা নাগাদ প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে নাম ছিল না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। স্থান পাননি রাহুল সিনহাও। এরা দুইজনই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তবে তিন ঘণ্টা পর, রাত ৮.৪৫ মিনিটে যে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়, তাতে স্থান পেয়েছেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।

কলকাতা: মাত্র তিন ঘণ্টা। তার মধ্যেই বদল বিজেপির নতুন রাজ্য এগজেকিউটিভ কমিটিতে। বিকেলে কমিটির সদস্যদের নামে প্রথম তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফের তালিকা প্রকাশ করা হল। প্রথম তালিকায় ২৬৩ জন সদস্য ছিলেন। সংশোধিত তালিকায় নাম রয়েছে ২৭০ জনের। কাদের নাম যোগ হল?
বিকেল পাঁচটা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত রাজ্য এগজেকিউটিভ কমিটির তালিকা প্রকাশিত হয়। ২০২৫ সালের জুলাই মাসে রাজ্য বিজেপি সভাপতি হন শমীক ভট্টাচার্য। তাঁর রাজ্য সভাপতি হওয়ার প্রায় ১৪ মাস পর রাজ্য কমিটি গঠিত হল।
প্রথম তালিকা-
প্রথম তালিকায় যেমন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তেমনই জায়গা পেয়েছেন তাঁর বাবা শিশির অধিকারীও। মুখ্যমন্ত্রী সামলাবেন তমলুক সাংগঠিনক জেলা, তাঁর বাবা শিশির অধিকারী কাঁথির দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সামলাবেন বনগাঁ জেলা। রাজ্যের মন্ত্রীদের মধ্যে তাপস রায় দায়িত্ব পেয়েছেন উত্তর কলকাতার, জগন্নাথ চট্টোপাধ্যায়কে বীরভূম, নিশীথ প্রামাণিককে কোচবিহার, অগ্নিমিত্রা পালকে আসানসোলের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দীপক বর্মনকে আলিপুরদুয়ার, শঙ্কর ঘোষকে শিলিগুড়ির সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন তালিকায় কী বদল হল?
বিকেল ৫টা নাগাদ প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে নাম ছিল না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। স্থান পাননি রাহুল সিনহাও। এরা দুইজনই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তবে তিন ঘণ্টা পর, রাত ৮.৪৫ মিনিটে যে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়, তাতে স্থান পেয়েছেন দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।
প্রথম তালিকায় ২৬৩ জন সদস্য ছিলেন। সংশোধিত তালিকায় দেখা গেল ২৭০ জনের নাম। নতুন তালিকায় জায়গা হল শিশির বাজোরিয়ার। সংশোধিত তালিকায় স্থান পেলেন দলের রাজ্য শৃঙ্খলা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও। ৪১ জন বিধায়ক ঠাঁই পেলেন এই তালিকায়।
প্রথম তালিকায় দিলীপ ঘোষ, রাহুল সিনহার মতো প্রাক্তন রাজ্য সভাপতিদের নাম না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপরই তড়িঘড়ি সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।
