Calcutta High Court: স্বস্তিতে মমতা তৃণমূল, প্রতীক ফ্রিজ হলেও অ্যাকাউন্ট ব্যবহারে বাধা নেই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court on TMC Bank Accounts: কীভাবে অ্যাকাউন্ট ব্যবহারে করা যাবে, তাও জানিয়েছেন বিচারপতি সৌগত। তিনি জানিয়েছেন, মমতা তৃণমূলের অথরাইজড যে কোনও দু'জন তিনটি অ্যাকাউন্টের চেকে সই করতে পারবেন। বিশেষ অফিসার চেকে সই করবেন। তারপর ব্যাঙ্ক টাকা দেবে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।

কলকাতা: তৃণমূল তহবিল মামলায় স্বস্তিতে মমতা তৃণমূল (Mamata TMC)। প্রতীক ফ্রিজ হলেও তিনটি অ্যাকাউন্ট ব্যবহারে বাধা নেই। স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির নির্দেশে ফের ধাক্কা ঋতব্রত শিবিরে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতীক শুধু উপনির্বাচনের (West Bengal By-Poll) জন্য। কমিশন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তাই, আপাতত এটি কার্যকরী নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির। সেক্ষেত্রে পুরনো নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
কীভাবে অ্যাকাউন্ট ব্যবহারে করা যাবে, তাও জানিয়েছেন বিচারপতি সৌগত। তিনি জানিয়েছেন, মমতা তৃণমূলের অথরাইজড যে কোনও দু’জন তিনটি অ্যাকাউন্টের চেকে সই করতে পারবেন। বিশেষ অফিসার চেকে সই করবেন। তারপর ব্যাঙ্ক টাকা দেবে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।
হাইকোর্টের শুনানিতে কী কী হল?
কালীঘাট তৃণমূলের আইনজীবী সোহেব আলম বলেন, “কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দায়বদ্ধ। প্রতীক কে পাবে সেটি নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন। নতুন প্রতীক পেয়েছে দুই দলই। কমিশন প্রতীক না দিলেও অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যা হবে না।
এরপরই রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি। সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, “প্রতীক-নাম বদলের পর রাজ্য হিসেবে আপনারা কী ব্যবস্থা করেছেন?”
রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (AAG) রাজদীপ মজুমদার বলেন, “তদন্ত চলছে। প্রতিটি অ্যাকাউন্টে অনেক টাকা আছে। একটিতে ২৫ কোটি টাকার বেশি আছে। মামলা খারিজ করা হোক। কারণ কমিশন প্রতীক কেড়ে নিয়েছে। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশেষ অফিসার মারফত ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সেটা বাতিল করা হোক। ওই অ্যাকাউন্টে যাঁরা সই করতেন, কমিশনের নির্দেশের পর তাঁদের সই করার অধিকার নেই।
এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “শুধুমাত্র উপনির্বাচনের জন্য প্রতীক ফ্রিজ করা হয়েছে। এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কমিশনের তরফে। তাই সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যবহারে কোনও বাধা নেই। এমনই পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
অ্যাকাউন্ট নিয়ে পুরনো নির্দেশ হাইকোর্টের
তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়ে কলকাতৃা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল। ৯ জুলাইয়ের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, আপাতত ওই সব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়। কেন এত দ্রুত অ্যাকাউন্ট ফ্রিজ করা হল? কী এমন প্রমাণ মিলেছে? ভোটের আগে কেন অভিযোগ জানানো হল না? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি।
