Calcutta High Court: ‘পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করুন’, রাজ্যকে বলল হাইকোর্ট
Calcutta High Court: প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, শুধু নিরাপত্তা নয় ক্যাম্পাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। প্রতিষ্ঠানগুলিতে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ হবে। সেখানে কোনও ধরনের অরাজকতা নয়।

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে (University) দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। সেই কারণে স্টুডেন্টস কাউন্সিলগুলি ঠিক মতো কাজ করতে পারছে না। এই সংক্রান্ত একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সোমবার মামলার শুনানি ছিল আদালতে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল কলকাতা হাইকোর্ট। রাজ্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে বলেছে আদালত।
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, শুধু নিরাপত্তা নয় ক্যাম্পাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। প্রতিষ্ঠানগুলিতে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ হবে। সেখানে কোনও ধরনের অরাজকতা নয়। ক্যাম্পাসের মধ্যে সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে সোমবার তা নিয়ে রিপোর্ট জমা দেয় বেশির ভাগ বিশ্ববিদ্যালয়। তারা জানায়, বহিরাগতদের প্রবেশে লাগাম টানা হয়েছে। ক্যাম্পাসগুলিতে সিসিটিভি বসানো হয়েছে।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বিশেষ জোর দিতে বলেছে আদালত। প্রধান বিচারপতি জানান, সেটি মহিলা বিশ্ববিদ্যালয় নিরাপত্তায় কোনও খামতি যেন না থাকে। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন বাকি বিশ্ববিদ্যালয়গুলি থেকে রিপোর্ট চেয়েছে আদালত।
