AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court on APDR: ‘উত্তর না দেওয়া মানে অনুমতি পাওয়া নয়’, বুকস্টল ভাঙার মামলায় বলল হাইকোর্ট

Calcutta High Court: অন্যদিকে, রাজ্যের তরফে আদালতে জানানো হয়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই যখন বইয়ের স্টলটি তৈরি করা হয়েছিল, তখন সেই স্টল ভাঙার অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষকে সংগঠনের আবেদন বিবেচনার নির্দেশ দেওয়ার কোনও যুক্তি নেই।

Calcutta High Court on APDR: 'উত্তর না দেওয়া মানে অনুমতি পাওয়া নয়', বুকস্টল ভাঙার মামলায় বলল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images
| Updated on: Nov 11, 2026 | 4:58 PM
Share

কলকাতা: অনুমতি ছাড়াই অস্থায়ী বইয়ের স্টল তৈরি করেছিল অ্যাসোসিয়েশন ফর ‘প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস’ (APDR)। পরে সেই স্টল ভেঙে দেওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল সংগঠনটি। তবে সেই আবেদন খারিজ করে দিল আদালত।

আদালতে APDR-এর পক্ষ থেকে জানানো হয়, একটি অস্থায়ী বইয়ের স্টল তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই আবেদনের কোনও জবাব পাওয়া যায়নি। এরপর ২০২৬ সালের ১৭ অক্টোবর সংগঠনটি বইয়ের স্টলটি তৈরি করা হয়। অভিযোগ, এর দু’দিন পর, ১৯ অক্টোবর স্টলটি ভেঙে দেওয়া হয়। কে বা কারা ওই স্টল ভেঙেছে, তা সংগঠনের জানা নেই বলেও আদালতে জানানো হয়।

বিচারপতি ঋষাদ মেদোরার পর্যবেক্ষণ, স্টল তৈরির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তার কোনও উত্তর না পাওয়া মানেই অনুমতি পাওয়া নয়। কর্তৃপক্ষের নীরবতাকে অনুমোদন হিসেবে ধরে নিয়ে কোনও নির্মাণ করা যায় না।

এই ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে APDR। পাশাপাশি স্টল ভাঙার কারণে সংগঠনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণের দাবিও জানানো হয়। ২১ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও সেই আবেদনের কোনও বিবেচনা করা হয়নি বলে দাবি করে সংগঠনটি।

অন্যদিকে, রাজ্যের তরফে আদালতে জানানো হয়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই যখন বইয়ের স্টলটি তৈরি করা হয়েছিল, তখন সেই স্টল ভাঙার অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষকে সংগঠনের আবেদন বিবেচনার নির্দেশ দেওয়ার কোনও যুক্তি নেই।

রাজ্যের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বিচারপতি জানান, অনুমতি ছাড়া স্টল তৈরি করার ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টের রিট এক্তিয়ারে আসার কোনও ভিত্তি নেই। আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারীর এমন কোনও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে হচ্ছে না, যার ভিত্তিতে এই রিট পিটিশন গ্রহণ করা যায়।

তবে স্টল ভাঙার ঘটনায় অন্য কোনও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ APDR-এর সামনে খোলা রয়েছে বলেও স্পষ্ট করে দিয়েছে আদালত। শেষ পর্যন্ত APDR-এর দায়ের করা রিট পিটিশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। মামলায় কোনও পক্ষের উপরেই খরচের দায় চাপানো হয়নি।

APDR-এর পক্ষে আইনজীবী দেবাঙ্গনা দে এবং ভাস্কর রায় সওয়াল করেন। অন্যদিকে, মামলায় রাজ্য ও অন্যান্য প্রতিপক্ষের হয়ে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী পীযূষ চতুর্বেদী এবং আইনজীবী নীলাঞ্জন চট্টোপাধ্যায়, অনিন্দ্য বসু ও ইন্দ্রদীপ পাল।

Follow Us