Weather Update: রবিবার থেকেই বাংলায় হাওয়া বদল, খেলা শুরু বৃষ্টির! ভিজতে চলেছে কোন কোন জেলা?
Rain in Bengal: উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির কিছুটা বাড়বে কোচবিহার, আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরে।

কলকাতা: ইঙ্গিতটা আগেই মিলেছিল। এবার মার্চের প্রথম সপ্তাহের শেষ লগ্নেই বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত বাংলায়। ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সঙ্গে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে রাজ্যে আবহাওয়ার বড়সড় বদল ঘটতে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শীতের আমেজ কাটিয়ে বসন্তের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে দুই বঙ্গেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটি স্পেল চলবে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
সপ্তাহের প্রথম দিন ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। দুই মেদিনীপুর ছাড়াও দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। বৃষ্টির প্রভাবে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও আকাশ মেঘলা থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার থেকে বৃষ্টির কিছুটা বাড়বে কোচবিহার, আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে। সেখানেও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসের দেখা মিলতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় বর্তমানে শীতের আমেজ পুরোপুরি উধাও। উল্টে গরম ক্রমেই বেড়ে চলেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত মহানগরে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার বা মঙ্গলবার নাগাদ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
