ED Search Kolkata: কেয়ারওয়েল অ্যাভিয়েশনের সঙ্গে তৃণমূল-যোগ! সকাল থেকে ফোর্স নিয়ে বাড়ি-অফিসে তল্লাশি ED-র
TMC Fund: পবন জাজু ও রাজেশ জাজু নামে দুই ডিরেক্টর সল্টলেকের ওই বাড়িতে থাকেন বলে জানা গিয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া রাজারহাটে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের একটি অফিসেও পৌঁছে যান ইডি আধিকারিকরা।

কলকাতা: মঙ্গলবার সকালে শহরের পাঁচ জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক, রাজারহাট, রাধাবাজারে চলছে তল্লাশি। ইডি সূত্রের খবর, তৃণমূলের তহবিল নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, তার প্রেক্ষিতেই এই তল্লাশি চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাভিয়েশন সংস্থার ডিরেক্টরের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি।
তৃণমূলের তহবিল নিয়ে আগেই অভিযোগ দায়ের হয়েছিল। আর্থিক তছরূপের অভিযোগ দায়ের হয় সাইবার ক্রাইম শাখায়। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদনও জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। সেখানে তিনি নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবেই নিজের পরিচয় দেন। সেই অ্য়াকাউন্টের লেনদেনেই এবার নজর ইডি-র।
এদিন সকালে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে এক সংস্থার ডিরেক্টরের বাড়ি পৌঁছে গিয়েছে ইডি। জানা গিয়েছে, এই সংস্থার বিমানই ব্যবহার করতেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পূর্বতন শাসক দলের অন্যান্য সদস্যরা।
পবন জাজু ও রাজেশ জাজু নামে দুই ডিরেক্টর সল্টলেকের ওই বাড়িতে থাকেন বলে জানা গিয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া রাজারহাটে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের একটি অফিসেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। এই সংস্থার অন্য একটি অফিসের ঠিকানা রাধাবাজার। সেখানেও চলছে তল্লাশি। তৃণমূলের তহবিলের টাকায় ওই সংস্থার বিমান ভাড়া নেওয়া হত কি না, এই বিষয়গুলিই মূলত খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
অ্যাকাউন্ট নিয়ে কী অভিযোগ?
জয়নগরের বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানা বেসরকারি ব্যাঙ্কে চিঠি দেয়। ওই তিনটি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, কাটমানি থাকার সন্দেহে অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতেই তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট তিনটি ফ্রিজ করার আবেদন জানানো হয়। এরপরই ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়।
কোষাধ্যক্ষ কে, তা নিয়েও জল্পনা তৈরি হয়। অরুপ বিশ্বাস নিজেকে কোষাধ্যক্ষ বলে পরিচয় দিলেও তৃণমূল জানায়, ইতিমধ্যেই শুভাশিস চক্রবর্তীকে দলের কোষাধ্যক্ষ করা হয়েছে।
চার্টার্ড বিমান নিয়েও ওঠে প্রশ্ন
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওই তহবিল থেকেই অভিষেকে চার্টার্ড বিমানের টাকা খরচ করা হত। তিনি বলেন, “অ্যাকাউন্টে যে টাকা আছে, এটা যে কাটমানির টাকা নয়, ডাকাতির টাকা নয়, তোলাবাজির টাকা নয়, নানা ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে চার্টার্ড ফ্লাইটের ভাড়া হয়ত এই টাকা থেকেই খরচ হচ্ছে।”
