AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Scare in Airplane: লিপস্টিক দিয়ে লেখা, ‘বোমা রয়েছে’, আতঙ্ক নিয়ে কলকাতার মাটি ছুঁলো ইন্ডিগো

Bomb Scare News: বিমানটি শহরের মাটি ছুঁতেই সেটিকে প্রোটোকল মেনে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর নামিয়ে আনা হয় বিমানে থাকা যাত্রী, চালক-সহ অন্যান্য কর্মীদের। শুরু হয় তল্লাশি। আপাতত বিমানের মধ্যে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা।

Bomb Scare in Airplane: লিপস্টিক দিয়ে লেখা, 'বোমা রয়েছে', আতঙ্ক নিয়ে কলকাতার মাটি ছুঁলো ইন্ডিগো
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 14, 2026 | 10:44 PM
Share

কলকাতা: সকালে চিরকুট, সন্ধ্য়ায় লিপস্টিক। আবার নজরে সেই ইন্ডিগো। বোমাতঙ্ক পিছু ছাড়ছে না সংশ্লিষ্ট সংস্থার বিমানকে। বিমানের শৌচালয়ের দেওয়ার স্পষ্ট হরফে লেখা ‘বোমা রয়েছে’। হামলা নাকি সাবধানবাণী? বার্তা ঘিরে পড়ে যায় হইচই। কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি নামতেই ছুটে যায় বম্ব স্কোয়াড।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইন্ডিগোর ৬ই ৬৮৯৪ বিমান। অসমের ডিব্রুগড় থেকে কলকাতার দিকেই আসছিল এটি। তখনই বিমানের শৌচালয়ে দেখা মেলে ‘অশনি সংকেতের’। কলকাতা বিমানবন্দরের আকাশের কাছে থাকায় দ্রুততার সঙ্গে অবতরণ করানো হয় ইন্ডিগোর বিমানটিকে।

বিমানটি শহরের মাটি ছুঁতেই সেটিকে প্রোটোকল মেনে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর নামিয়ে আনা হয় বিমানে থাকা যাত্রী, চালক-সহ অন্যান্য কর্মীদের। শুরু হয় তল্লাশি। আপাতত বিমানের মধ্যে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানের এক যাত্রী শৌচালয়ে গিয়ে লিপস্টিকে লেখা সেই বার্তা প্রথম চিহ্নিত করেন। তারপরেই ক্রু সদস্যদের মাধ্য়মে চালকদের কাছে সেই খবর পৌঁছয়। ততক্ষণে কলকাতার আকাশে ঢুকে পড়েছে বিমানটি। চালকরা কলকাতা বিমানবন্দরের এটিসি-র সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে দ্রুত অবতরণের ব্যবস্থা করেন।

শনিবার সকালেও এই একই রকমের ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে। শিলংগামী ইন্ডিগো বিমানে ছড়ায় বোমাতঙ্ক। সেই সময়ও বিমানের ল্যাভরেটরি অর্থাৎ শৌচাগার থেকে উদ্ধার হয় একটি চিরকুট। বিমানের এক ক্রু ওই চিরকুটটি পান। খুলতেই দেখেন তাতে লেখা রয়েছে, বিমানে বোমা রাখা আছে। এরপরেই তুমুল আতঙ্ক। যাত্রীদের নামিয়ে শুরু হয় খানা তল্লাশি।