AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Girl: ব্যস্ত রাস্তায় রাজারহাটে স্কুল ছাত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড, সবটাই ধরা পড়ল সিসিটিভিতে

Rajarhat: ব্যস্ত রাস্তায় দিনের আলোয় এক স্কুল ছাত্রীর সঙ্গে এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকার মানুষ। এই ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ।

School Girl: ব্যস্ত রাস্তায় রাজারহাটে স্কুল ছাত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড, সবটাই ধরা পড়ল সিসিটিভিতে
এলাকায় শোরগোল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 1:31 PM
Share

রাজারহাট: ব্যস্ত রাস্তা, লোকজনের বিড়ে গমগম করছে এলাকা, কিন্তু তাতে কী! একেবারে দিনের আলোয় খাস রাজারহাটে দুঃসাহসিক অপরাধের ছক! এক স্কুল ছাত্রীর হাত থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করল দুই বাইক আরোহী। হাড়হিম করা সেই ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি (CCTV) ক্যামেরায়। যা দেখে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাজারহাটের শিখরপুর মোড় এলাকায়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলে মনে হবে ঠিক যেন কোনো অপরাধমূলক সিনেমার দৃশ্য। গত ১১ মার্চ বিকেল ঠিক ৪টা ১০ মিনিট নাগাদ রাজারহাট শিখরপুর মোড়ে একটি সিসিটিভিতে পুরো দৃশ্যটাই ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাইকে করে মোড়ে এল দুই দুই যুবক। বেশ কিছুক্ষণ বাইক থামিয়ে ওই মোড়ে অপেক্ষা করল। যদিও শুরু থেকেই তাঁদের আচরণ বেশ সন্দেহজনক। 

ঠিক সেই সময়েই স্কুল ছুটি শেষে ঘরে ফেরার পথে শিখরপুর মোড়ে এসে দাঁড়ায় এক স্কুল ছাত্রী। হাতে ছিল একটি স্মার্ট ফোন। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই, হঠাৎ করে ওৎ পেতে থাকা ওই দুই যুবক বাইক নিয়ে তার দিকে এগিয়ে আসে। সুযোগ বুঝে চলন্ত বাইক থেকেই এক ঝটকায় ছাত্রীর হাত থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক।

কিন্তু অতর্কিত এই আক্রমণে হতচকিত হয়ে পড়লেও দমে যায়নি ওই ছাত্রী। পাল্টা টান দেয়। তাতেই ফোনটি ফস্কে নিচে পড়ে যায়। পরিস্থিতি যে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে তা বুঝতে পেরে আর দেরি করেনি দুই যুবক। ফোনটি রাস্তায় ফেলে রেখেই বাইকের গতি বাড়িয়ে দ্রুত চম্পট দেয়।

ব্যস্ত রাস্তায় দিনের আলোয় এক স্কুল ছাত্রীর সঙ্গে এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকার মানুষ। এই ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। 

Follow Us