Koel Mallick: ‘মানুষের সেবা আমি জানি…আমি কারোর সম্পর্কে খারাপ কথা বলব না’, বিজেপিতে যোগ দিয়ে বললেন কোয়েল
Koel Mallick joins BJP: কোয়েল বলেন, "রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। এটা বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্মটা পালন করে থাকি, তার জন্য একটা প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবে ক্ষমতাটা বেড়ে যায়। তার জন্য খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওঁরাই আমাকে বেছে নিয়েছেন।"

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। পরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। তারপর থেকেই কোয়েলের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। জল্পনার অবসান ঘটিয়ে এবার ‘পদ্মাসনে’ কোয়েল। বিজেপি টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তিনি। আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে মুরলিধর লেনে বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কোয়েল। ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে জানালেন, মানুষের জন্য কাজ করতে চান তিনি।
কোয়েল বলেন, “রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। এটা বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্মটা পালন করে থাকি, তার জন্য একটা প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবে ক্ষমতাটা বেড়ে যায়। তার জন্য খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওঁরাই আমাকে বেছে নিয়েছেন।”
কেন বিজেপিতে যোগদান? কোয়েল বলেন, “শেষ কিছু মাস ধরে বাংলায় যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। রাজ্যের উন্নয়ন হোক, এটাই মানুষ চায়। আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সংবাদপত্র পড়ে হয়তো ইস ইস বলতে পারতাম, সেখানে যদি আমি কোনও কিছু যোগ করতে পারি, তাহলে আমি ধন্য মনে করছি।”
তিনি আরও বলেন, “আমি চাই বাংলার মানুষ যেন আনন্দে থাকে। কাজ যেন বাড়ে। সোশ্যাল মিডিয়ায় এত টক্সিসিটি কেন বেড়ে যাচ্ছে, সেটাও তো জানতে হবে। আমরা শুধু দেখছি টক্সিট। আসলে কাজ নেই, কাজের অভাব। পশ্চিমবাংলায় যদি স্কুল বাড়ত, যেখানে শিক্ষাদানটা যেন ভালো। যাঁরা প্রিভিলেজড নয়, তাদের জন্য ভাবতে হবে। সেই সংখ্যাটা বেশি।”
সম্প্রতি, কোয়েলকে ট্রোলের শিকার হতে হয়েছে। এই বিষয়ে বলেন, “রাগ এইজন্য নেই হয়তো আমি সাইকোলজির ছাত্রী। সেই মানবিকতাবোধ আমার রয়েছে। আমার মনে হয় তাঁরা অন্যকে ছোট করে , অপমান করে তাঁরা যে মানসিক আরাম পেয়েছেন, নিজেদের ক্ষোভ থেকে। তাঁরা যদি সুখে থাকতেন, তাহলে অন্য কাউকে অপমান করে ছোট দেখিয়ে এত বাজে বাজে কথা বলে টক্সিসিটি ছড়িয়ে। তাঁদের মানসিক সুস্থতা কামনা করি।”
কোয়েল জানান, ছোটবেলা থেকে তিনি বাইরের পৃথিবীটা চাক্ষুস করেছেন। তার জন্য পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন, ” মানুষের সেবা আমি জানি। যখন ছোট ছিলাম, তখন গরমের ছুটিতে সবাই ঘুরতে যেত, আমার মা নিয়ে যেতেন মিশনারি অফ চ্যারিটিতে। আমার ভগবানের আশীর্বাদ এমন পরিবারের জন্মেছি যে আমি প্রিভিলেজড। তবে এর বাইরের পৃথিবীটা যে আলাদা, সেটা আমি জানি, অনেক ছোট বয়স থেকে দেখা। তাঁদের জন্য কাজ করার ইচ্ছে হত। সবার মঙ্গল কামনা করে কাজ করতে চাই।”
কোয়েল এও বলেন, “কোনও সাক্ষাৎকারে দেখতে পাবেন না যে কোনও মানুষের সম্পর্কে আমি কোনও খারাপ মন্তব্য করেছি। এটা আমার মেরুদন্ড। সেটা নিয়ে আমি চলতে পছন্দ করি। আজও আমি কারও সম্পর্কে খারাপ কথা বলব না। এটাই আমি সকলের কাছে আশীর্বাদ চাই, যেন দেশের কোনও কাজে আসতে পারি।”
বিজেপিতে যোগ দিয়ে ধন্য মনে করছেন কোয়েল। বলেন, “আমি খুব গর্বিত যে আমি এমন একটা পার্টিতে যোগ দিতে পেরেছি, যেখানে মানুষের উন্নয়নের কাজ গত কয়েকমাস ধরে খুব ভালো হচ্ছে। সেই জায়গা থেকে আমাকে যে নেওয়া হয়েছে, তার জন্য আমি খুব খুশি।”
