Kolkata Metro: রেক বিকল, ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট! চরম দুর্ভোগে যাত্রীরা
Kolkata Metro Service Disruption: জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হতে সমস্যা হচ্ছিল। তার জেরে পরিষেবা থমকে যায়। পরে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রেক বিকল হয়ে গিয়েছে। তার জেরে পরিষেবা আপাতত বন্ধ কয়েকটি স্টেশনে বন্ধ রাখা হয়েছে।

কলকাতা: ফের মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট স্টেশনে (Park Street Station) রেক বিকল থাকায় বিপত্তি। ফলে অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। আংশিক মেট্রো পরিষেবা চালু রয়েছে। পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড-সহ বেশ কিছু স্টেশনে প্রায় আধ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে সাড়ে ৭টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। তবে, অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
আংশিক মেট্রো পরিষেবা চালু
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হতে সমস্যা হচ্ছিল। তার জেরে পরিষেবা থমকে যায়। পরে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, রেক বিকল হয়ে গিয়েছে। তার জেরে পরিষেবা আপাতত বন্ধ কয়েকটি স্টেশনে বন্ধ রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। মাঝের অংশ বন্ধ মেট্রো চলাচল। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তারপর আধ ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়।
সমস্যায় নিত্যযাত্রীরা
মেট্রো বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। রেক বিকল হয়ে পড়ায় ভিড় জমে যায় স্টেশনে। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড থেকে চাঁদনি চক…সব মেট্রো স্টেশনেই একই ছবি। পরে মেট্রো কর্তৃপক্ষের ঘোষণার পর, অনেকে বাধ্য হয়ে বাস, অটো ধরেই বাড়ি ফেরেন। অফিস থেকে ঘুরপথে বাড়ি ফেরায় বেশ সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
