Madan Mitra: মমতার জন্য হোয়াটসঅ্যাপে শুধু একটা শব্দ লিখলেন মদন মিত্র
Madan Mitra to Mamata Banerjee: সব জল্পনা শেষ করে বুধবারই বিধানসভায় ঋতব্রত শিবিরের ঘরে পৌঁছে গেলেন মদন মিত্র। আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনই কালীঘাট-তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। মমতার প্রথম দিনের সঙ্গী মদন কী বার্তা দিলেন মমতাকে?

কলকাতা: পদ ছিল না, সেদিনও ছিলেন। হেরে যাওয়ার পরও ছিলেন। মদন মিত্র (Madan Mitra) কালীঘাট ছাড়েননি কোনওদিনই। ৪ মে-র পর যখন একে একে সবাই হাত ছাড়ছেন, সেদিনও মমতার পাশে ছিলেন মদন মিত্র। তৃণমূল হেরে যাওয়ার পর পুরনো দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগঘন পোস্ট করেছেন। কিন্তু বুধবার সকালে বদলে গেল ছবিটা। ঋতব্রত শিবিরে নাম লেখানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লিখলেন একটাই শব্দ।
এদিন যখন মদন মিত্র বিধানসভা থেকে বেরচ্ছেন, তখন দেখা যায়, তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে লেখা, SORRY। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কেও মেসেজ করে সরি বলেছেন মদন মিত্র। হাত ছাড়ার পর একটাই বার্তা দিয়েছেন নেত্রীর জন্য।
মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি। তারপরই সমীকরণ বদলাতে শুরু করে। সন্ধেতেই স্বর্ণকমলের বাড়িতে হাজির হন মমতার অন্যতম ভরসার সঙ্গী মদন। আর বুধবার বিধানসভাতেই সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। ঋতব্রতদের ঘরে বসতে দেখা গিয়েছে তাঁকে।

মদনের হোয়াটসঅ্যাপ স্টেটাস
এ দিন ঋত শিবিরে যাওয়ার পর অন্য়ান্য় শিবিরত্যাগী বিধায়কদের মতো মদনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। যদিও, এতদিন তিনি অভিষেককে নিয়ে একটি কথা বলেননি। তবে ঋত শিবিরের হাত ধরার পর তিনি বলছেন, “অভিষেকের জন্য গোটা দল ধ্বংস হয়েছে।”
