AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR voter list: মমতার ভবানীপুরে আরও নাম বাদ, কী বলছে তৃণমূল-বিজেপি?

Bhabanipur assembly constituency: ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। কয়েকমাস পর শোভনদেব এই আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন।

SIR voter list: মমতার ভবানীপুরে আরও নাম বাদ, কী বলছে তৃণমূল-বিজেপি?
নাম বাদ নিয়ে কী বলছে বিজেপি ও তৃণমূল?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 28, 2026 | 3:16 PM
Share

কলকাতা: স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের বিধায়ক। আবার বেশ কিছুদিন ধরে বিজেপি হুঙ্কার দিচ্ছে, এই কেন্দ্রে তারা জিতবে। এই আবহে এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কত নাম বাদ পড়বে, তা নিয়ে জল্পনা চলছিল। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল, মোট ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে ভবানীপুরে। তবে আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। ফলে আরও নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

এসআইআর প্রক্রিয়া শুরুর সময় কমিশন জানিয়েছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোটা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ পড়ল। সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে ৪৭ হাজার ৯৪ জনের নাম। শুধু ৪৭ হাজার নাম বাদ নয়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আরও ১৪ হাজার ১৫৪ জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। নথি যাচাইয়ের পর বাদ পড়লে ভবানীপুরে নাম বাদের সংখ্যা আরও বাড়বে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। কয়েকমাস পর শোভনদেব এই আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। ছাব্বিশের নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা একাধিকবার ভবানীপুরে এসে দাবি করেছেন, এবার বিজেপি এই আসনে জিতবে। গতকাল শুভেন্দু বলেছিলেন, “উনি জানেন কাদের ভোটে জিতেছিলেন। ওটা বিজেপির জায়গা। আমি চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান। পালাবেন না। বাকিটা বুঝে নেব।” এই নাম বাদের কোনও প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে? উঠছে প্রশ্ন।

এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “২ জায়গার ভোটার কিংবা যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নাম বাদ গিয়েছে। আবার এই তালিকা প্রকাশের পরও নাম তোলার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত ৪৭ হাজার নাম বাদ গিয়েছে। তবে যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুরে দাঁড়াতে সাহস পাবেন বলে মনে হয় না।”

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “কারও নাম অন্যায়ভাবে বাদ গেলে নতুন করে নাম তোলার সুযোগ থাকছে। সুপ্রিম কোর্ট তো বলেছে। ফলে এটাই চূড়ান্ত তালিকা, তা ধরে নেওয়া ঠিক হবে না।”