BJP: ব্রিগেডে কবে সভা করবেন মোদী? তারিখ জানিয়ে দিল বিজেপি
BJP Brigade rally: ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেও ব্রিগেডে সভা করেছিল বিজেপি। সেখানেও প্রধান বক্তা ছিলেন মোদী। আর ওই সভাতেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের ওই সভায় মিঠুন উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী। একুশের নির্বাচনের পর বিজেপির বিভিন্ন প্রচারে দেখা গিয়েছে মিঠুনকে। ছাব্বিশের নির্বাচনের আগেও ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজেপির প্রচারে অংশ নিচ্ছেন তিনি। ১৫ মার্চ ব্রিগেডের সভায় এবার মিঠুন থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে।

কলকাতা: কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছিল। অবশেষে পরিবর্তন যাত্রার শুরুর দিনই ব্রিগেডে বিজেপির সভার দিন ঠিক হল। আগামী ১৫ মার্চ সভা হবে ব্রিগেডে। সেখানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিধানসভা নির্বাচনের আগে সেই সভাকে সফল করতে তৎপর বঙ্গ বিজেপি।
রবিবার থেকে রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতারা পরিবর্তন যাত্রার জন্য রাজ্যে আসছেন। আগামিকাল পরিবর্তন যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই পরিবর্তন যাত্রার পরই ব্রিগেডে সভার পরিকল্পনা করে বঙ্গ বিজেপি। কিন্তু, সেই সভার তারিখ নিয়ে নির্দিষ্ট করে এতদিন কিছু জানাতে পারেননি বঙ্গ বিজেপির নেতারা।
গতকাল বাংলায় এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কয়েকদিনের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। রাজ্যে এবার পরিবর্তন হবে বলে আশাবাদী পদ্ম শিবির। পরিবর্তন যাত্রার পর ব্রিগেডের সভা থেকে সেই বার্তাই আরও জোরালোভাবে দিতে চায় তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে ওই সভা। সাধারণ মানুষকে ওই সভায় অংশগ্রহণের আবেদন জানিয়েছে গেরুয়া শিবির।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেও ব্রিগেডে সভা করেছিল বিজেপি। সেখানেও প্রধান বক্তা ছিলেন মোদী। আর ওই সভাতেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের ওই সভায় মিঠুন উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী। একুশের নির্বাচনের পর বিজেপির বিভিন্ন প্রচারে দেখা গিয়েছে মিঠুনকে। ছাব্বিশের নির্বাচনের আগেও ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজেপির প্রচারে অংশ নিচ্ছেন তিনি। ১৫ মার্চ ব্রিগেডের সভায় এবার মিঠুন থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। বিজেপি নেতৃত্ব এই নিয়ে এখনও কিছু বলেনি। তবে ব্রিগেডের সভা সফল করতে তাঁরা যে বদ্ধপরিকর, তা বুঝিয়ে দিয়েছেন। আর এই সভা থেকে মোদী কী বার্তা দেন, এখন সেদিকেই নজর সবার।
