PM Narendra Modi: ইনস্টাগ্রামে মোদী ঝড়, মাত্র ১২ ঘণ্টায় বাড়ল ১১ লাখের বেশি ফলোয়ার
PM Narendra Modi Followers: এই ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর অনুসারীর সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা লাফিয়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়। এত কম সময়ে অনুসারীর এই অভাবনীয় বৃদ্ধি নেটিজেনদের একেবারে বাকরুদ্ধ করে দিয়েছে।

কলকাতা: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আবারও এক নতুন রেকর্ড গড়ল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তাঁর অ্যাকাউন্টে নতুন করে যুক্ত হয়েছে ১১ লাখেরও বেশি (১.১ মিলিয়ন) ফলোয়ার্স।
বৃহস্পতিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী মোদী ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা সংবলিত ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি স্পষ্টতই বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কোনো সামান্য বিষয় নয়। এটি লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া একটি অত্যন্ত গুরুতর সমস্যা। ইতিমধ্যেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। তাঁর এই ভিডিয়ো মুহূর্তে ভাইরালও হয়ে যায়। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই ছাপ পড়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও।
এই ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর অনুসারীর সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সেই সংখ্যা লাফিয়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়। এত কম সময়ে অনুসারীর এই অভাবনীয় বৃদ্ধি নেটিজেনদের একেবারে বাকরুদ্ধ করে দিয়েছে।
He gained 1.1M followers in 12hrs 😭😭😭 pic.twitter.com/VMLOJiJNej
— Vestige¹⁸ (@SanatanEdge) July 24, 2026
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীই বিশ্বের একমাত্র ক্ষমতাসীন রাষ্ট্র প্রধান, যাঁর ইনস্টাগ্রামে ১০০ মিলিয়নের (১০ কোটি) বেশি ফলোয়ারের বিরল মাইলফলক রয়েছে। সোজা কথায়, আমেরিকার বর্তমান বা প্রাক্তন প্রেসিডেন্ট কিংবা অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদের মতো বিশ্বনেতাদের তুলনায় সোশ্যাল মিডিয়ায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার নিরিখে বহু গুণ এগিয়ে মোদী।
