Princep Ghat: বাষ্প চালিত ইঞ্জিন থেকে হাওড়ার বড় ঘড়ি, প্রিন্সেপ ঘাটে নতুন আকর্ষণ!
Princep Ghat Railway Exhibition: বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে টাইম টেবিল- 'এ জার্নি থ্রু হেরিটেজ' (TIME TABLE – A Journey Through Heritage) নামের এই প্রদর্শনী। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে।

কলকাতা: রেলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার ইতিহাসও। সেই ঐতিহ্যকেই এবার নতুন করে তুলে ধরার উদ্যোগ নিল পূর্ব রেল। প্রিন্সেপ ঘাট স্টেশনে তৈরি হল ভারতীয় রেলের ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে এক বিশেষ প্রদর্শনী। সেখানে জায়গা পেয়েছে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের রেল যোগাযোগের ইতিহাস, পুরনো দিনের দুর্লভ ছবি থেকে শুরু করে হাওড়া স্টেশনের ঐতিহাসিক বড় ঘড়িও। অতীতের স্মৃতি আর বর্তমানের আধুনিকতার মেলবন্ধনে নতুন সাজে সেজে উঠেছে এই ঐতিহাসিক স্থান।
বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে টাইম টেবিল- ‘এ জার্নি থ্রু হেরিটেজ’ (TIME TABLE – A Journey Through Heritage) নামের এই প্রদর্শনী। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের একাধিক শীর্ষ আধিকারিক। তাঁদের মধ্যে ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা এবং হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব সাক্সেনা।আজ অর্থাৎ সোমবার থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে গীতিকা পাণ্ডে বলেন, “ভারতীয় রেল কেবলমাত্র যাতায়াতের মাধ্যম নয়, দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। ‘বিকাশ ভি, বিরাসত ভি’ নীতিকে সামনে রেখে রেলের আধুনিকীকরণের পাশাপাশি ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই প্রদর্শনীতে বাষ্পচালিত ইঞ্জিন যুগ থেকে আধুনিক দ্রুতগতির ট্রেন-ভারতীয় রেলের দীর্ঘ বিবর্তনের নানা পর্যায় তুলে ধরা হয়েছে। রয়েছে রেলের ইতিহাস সংক্রান্ত দুর্লভ তথ্য, ঐতিহাসিক ঘটনা এবং অতীতের আর্কাইভ ছবি। বিশেষ গুরুত্ব পেয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে শিয়ালদহ ও কলকাতা সংলগ্ন এলাকায় রেল যোগাযোগের বিকাশ। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রথম দিকের রেল সংস্থাগুলির ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।
শুধু রেলের পুরনো দিনের স্মৃতিচারণ নয়, দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতীয় রেলের অবদানও তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। রেলের একাধিক ঐতিহাসিক মাইলফলক ও সাফল্যের কাহিনি জায়গা পেয়েছে সেখানে। হাওড়া স্টেশনের ঐতিহ্যবাহী বড় ঘড়ির উপস্থিতি প্রদর্শনীর আকর্ষণ আরও বাড়িয়েছে।
পূর্ব রেলের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য, আগামী প্রজন্মের কাছে ভারতীয় রেলের গৌরবময় ইতিহাস পৌঁছে দেওয়া। পাশাপাশি রেলের ঐতিহাসিক সম্পদ ও স্থাপত্য সংরক্ষণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও এই আয়োজনের উদ্দেশ্য।
সব মিলিয়ে, প্রিন্সেপ ঘাটে এই নতুন প্রদর্শনীর হাত ধরে একই ছাদের তলায় জায়গা পেল রেলের অতীত, বর্তমান এবং ঐতিহ্য। ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই স্মৃতিগুলিই এবার সাধারণ মানুষের সামনে নতুন করে মেলে ধরতে চলেছে পূর্ব রেল।
