West Bengal Rain Forecast: ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! রবিবার থেকে টানা চার দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
West Bengal Weather Update: রবিবার সকাল থেকেই আরামবাগ জুড়ে আকাশের মুখ ভার। কালো মেঘের ঘনঘটা, দমকা ঠান্ডা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই আচমকা আবহাওয়ার পরিবর্তনে কিছুটা হলেও স্বস্তিতে আম-আদমি।

কলকাতা: দাপট বাড়াচ্ছে গরম। হাসফাঁস করছে বঙ্গবাসী। কিন্তু আপাতত যেন খানিক স্বস্তির কথা শোনাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গজুড়ে চলা অসহ্য ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভোর রাত থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার থেকেই রাজ্যে বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার সকাল থেকেই আরামবাগ জুড়ে আকাশের মুখ ভার। কালো মেঘের ঘনঘটা, দমকা ঠান্ডা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই আচমকা আবহাওয়ার পরিবর্তনে কিছুটা হলেও স্বস্তিতে আম-আদমি। একইভাবে ঝাড়গ্রামেও প্রবল গরমের পর ভোর রাতে হালকা বৃষ্টি হয়। সকাল থেকে ফের ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে জেলার নানা প্রান্তেই। আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় এখনও সূর্যের দেখা মেলেনি, ফলে তাপমাত্রা অনেকটাই নেমেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঝড়-বৃষ্টির জেরে আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে স্বস্তির পাশাপাশি থাকছে সতর্কবার্তাও। রবিবার থেকে পরবর্তী ৪ দিন কলকাতার জন্য ঝড়-বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টিতে সাময়িকভাবে গরম কমলেও শিলাবৃষ্টির কারণে চাষবাসে আরও ক্ষতির আশঙ্কাও থাকছে। বিশেষ করে আম-লিচুর ফলনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। ফলে তা থেকেও সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলছে আবহাওয়া দফতর।
