Ritabrata Banerjee: সব শহিদ পরিবারকে মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা ঋতব্রতর, কোথা থেকে পাবেন তাও বলে দিলেন
Ritabrata Banerjee Rs 10000 Monthly Aid: মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বলেন, "জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার-সহ পূর্ণ বেঞ্চের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আমরাই কেন আসল তৃণমূল, তার সমস্ত তথ্য দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের উপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের যা কিছু রয়েছে, তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে।"

কলকাতা: শহিদ দিবসের মঞ্চ। আর সেই মঞ্চ থেকে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের পরিবারগুলির জন্য বড় ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন, নির্বাচন কমিশন যদি তাঁদের আসল তৃণমূলের স্বীকৃতি দেয়, তাহলে শহিদদের পরিবারগুলিকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকেই এই টাকা দেওয়া হবে বলে তিনি জানান। আর তা যে সম্ভব, অঙ্ক কষে তাঁরা দেখেছেন বলেও জানালেন ঋতব্রত।
আসল তৃণমূল কারা, তা নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের লড়াই পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনে। এদিন তৃণমূলের দুই শিবিরই শহিদ দিবস পালন করেছে। বিড়লা তারামণ্ডলে শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁরাই আসল তৃণমূল। তখন গান্ধী মূর্তির সামনে মঞ্চ থেকে একই দাবি করলেন ঋতব্রত।
কী বললেন ঋতব্রত?
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বলেন, “জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার-সহ পূর্ণ বেঞ্চের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আমরাই কেন আসল তৃণমূল, তার সমস্ত তথ্য দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের উপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের যা কিছু রয়েছে, তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে।”
এরপরই একুশে জুলাইয়ের শহিদদের পরিবারগুলিকে মাসে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেন ঋতব্রত। তাঁর বক্তব্য, “আপনাদের কথা দিতে পারি, নির্বাচন কমিশন যদি আমাদের পক্ষে সিদ্ধান্ত দেন, তাহলে তৃণমূলের প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠক যখন হবে, প্রথম যে কাজটা আমরা করব এই যে পার্টির বিপুল টাকা, আমরা বিরাট পারব না, তবে ২১ জুলাইয়ের যত শহিদ পরিবার, সেই সব শহিদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে ২১ জুলাইয়ের শহিদ পরিবারগুলি ১০ হাজার টাকা করে পাবে। কারণ, এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। আমরা অঙ্ক কষে দেখেছি এটা সম্ভব।”
গতকাল বিধানসভায় একুশে জুলাই নিয়ে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, একুশের জুলাইয়ের শহিদদের পরিবারগুলিকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের জন্য সুপারিশ করেছিল কমিশন। আর আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের সুপারিশ করেছিল। কিন্তু, পূর্বতন তৃণমূল সরকার শহিদদের পরিবারগুলিকে মাত্র ২ লক্ষ করে টাকা দেয়। আর আহতদের ১৫ হাজার টাকা করে দিয়েছিল। মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় জানান, যদি শহিদদের পরিবারগুলি আবেদন করে তাহলে রাজ্য সরকার কমিশনের সুপারিশ মতো আর্থিক সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পর এদিন ঋতব্রত জানালেন, কমিশন তাঁদের আসল তৃণমূলের স্বীকৃতি দিলে শহিদদের পরিবারগুলিকে মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
