TMC Full Candidate List: টিকিট পেলেন শ্রেয়া-কুণালরা, তৃণমূলের প্রার্থী তালিকায় এবার নতুন মুখ কারা?
TMC Candidate List: নোয়াপাড়া থেকে এবার লড়াই করবেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। বেলেঘাটা থেকে এবার লড়াই করছেন কুণাল ঘোষ, নন্দীগ্রামে নতুন মুখ পবিত্র কর। উত্তরপাড়া লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এর আগে তমলুক থেকে সাংসদ পদের জন্য লড়াই করেছিলেন দেবাংশু ভট্টাচার্য।

কলকাতা: নির্বাচন এলেই প্রতিবার নতুন মুখ নিয়ে আসে তৃণমূল। এবার বিধানসভা ভোটেও তার অন্যথা হল না। ২০২৪-এর লোকসভা ভোটের সময় একাধিক তারকা প্রার্থী নিয়ে এসে চমক দেয় তৃণমূল। তবে এবার সেই চমক না থাকলেও রয়েছেন অনেক নতুন মুখ। কারা তাঁরা একনজরে দেখে নিন…
কারা-কারা নতুন মুখ তৃণমূলের
নোয়াপাড়া থেকে এবার লড়াই করবেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। বেলেঘাটা থেকে এবার লড়াই করছেন কুণাল ঘোষ। এক সময় তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। পরে দীর্ঘদিন তিনি তৃণমূলের মুখপাত্র ছিলেন। বর্তমানে কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এবার তিনি লড়বেন বেলেঘাটা থেকে। অপরদিকে, হটস্পট নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। আলোচনা চলছিল কে সেখান থেকে তৃণমূল হয়ে লড়াই করবেন। সেই নন্দীগ্রামে নতুন মুখ পবিত্র কর। অপরদিকে, উত্তরপাড়া লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এর আগে সেখানে তৃণমূলের বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক। তবে এবার তিনি টিকিট পাননি। এর আগে তমলুক থেকে সাংসদ পদের জন্য লড়াই করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে বিধায়ক পদের জন্য এই প্রথম লড়াই করবেন তিনি। তাঁকে এবার দাঁড় করানো হয়েছে চুঁচুড়া থেকে। এবার নতুন টিকিট পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ। তবে এবার তিনি উলুবেড়িয়া থেকে লড়বেন। অপরদিকে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সামিমা আহমেদকে। একেবারে নতুন মুখ তিনি। এমনকী, জীবনের প্রথম রাজনৈতিক লড়াইয়ে নামলেন শামিম। এর আগে কখনো ভোটে লড়েননি। তিনি ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার সরিষা অঞ্চলের অবজারভার। এরপর ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার করা হয় তাঁকে।
