Siddha Group : ঘরবাড়ি বানানোর মতোই গুরুত্বপূর্ণ দেশ গঠন- তাই, ভোট দানের আহ্বান সিদ্ধা গ্রুপের!
Bengal Election : সিদ্ধা গ্ৰুপের এই প্রচার যেমন গভীর অর্থপূর্ণ, তেমনই সহজ। তারা আসলে বলতে চেয়েছে, ভোটদানের মাধ্যমে দেশ গঠন আসলে ঘর-বাড়ি বানানোর মতোই গুরুত্বপূর্ণ। ঘর-বাড়ি তৈরী করা ও ভোট প্রদান করা, উভয় ক্ষেত্রেই অংশগ্রহণ, দায়িত্ব পালন ও ব্যক্তিগত অনুভূতি - তিনটি জিনিসই প্রয়োজন।

কলকাতা : একটি বাড়ি তৈরী করতে গেলে কী লাগে? ইট, সিমেন্ট, বালি ইত্যাদি। ইঁটের পর ইঁট গেঁথে যেভাবে একটি বাড়ি তৈরী হয়, সেভাবেই একটি শক্তিশালী দেশ গড়ে ওঠে সেই দেশের নাগরিকদের ভোটদানের মাধ্যমে। এই সহজ কথাই এবার দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে দেশের অন্যতম রিয়েল এস্টেট সংস্থা সিদ্ধা গ্ৰুপ। দেশের জনগণকে ভোটদানে উৎসাহিত করতে তারা নিয়েছে এক অভিনব উদ্যোগ। তাদের এই উদ্যোগের নাম ‘Your Home, Your Democracy’ (আপনার ঘর, আপনার গণতন্ত্র)। এই প্রচারের মাধ্যমেই দেশের জনগণকে ভোট দিতে অনুপ্রেরণা দিচ্ছে সিদ্ধা গ্ৰুপ।
তাদের এই প্রচার যেমন গভীর অর্থপূর্ণ, তেমনই সহজ। তারা আসলে বলতে চেয়েছে, ভোটদানের মাধ্যমে দেশ গঠন আসলে ঘর-বাড়ি বানানোর মতোই গুরুত্বপূর্ণ। ঘর-বাড়ি তৈরী করা ও ভোট প্রদান করা, উভয় ক্ষেত্রেই অংশগ্রহণ, দায়িত্ব পালন ও ব্যক্তিগত অনুভূতি – তিনটি জিনিসই প্রয়োজন। ভোট দেওয়া যে একজন নাগরিকের কাছে কত বড় দায়িত্ব, সেটাই বোঝাতে চেয়েছে তারা।
এই উদ্যোগটি সিদ্ধা গ্রুপের ‘বি সেলফিশ’ (Be Selfish) নামক কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি প্ল্যাটফর্মের উপর নির্মিত, যা মূলত নিজের ভবিষতের জন্য সিদ্ধান্ত নেওয়াকে অনুপ্রেরণা দেয়। এবার তাদের নতুন ট্যাগ লাইন,”স্বার্থপর হোন, ভোট দিন।” (Be Selfish, Vote)। এখানে ভোটদানকে নাগরিক কর্তব্যের বদলে নিজের জীবনের একটি মূল্যবান পছন্দ হিসেবে তুলে ধরা হয়েছে।
সিদ্ধা গ্ৰুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সঞ্জয় জৈনের মতে,”আমাদের এই নতুন ভোট প্রচারটি একটি অত্যন্ত সহজ ধারণার উপর ভিত্তি করে তৈরী – যেমন প্রতিটি ইঁট একটি বাড়ি তৈরিতে অবদান রাখে, ঠিক সেভাবেই প্রতিটি ভোট আমাদের ভবিষ্যৎ গঠন করতে ভূমিকা পালন করে। ‘স্বার্থপর হোন, ভোট দিন’ নামক প্রকল্পের মাধ্যমে আমরা মানুষকে এটাই বলতে চেয়েছি যে, ভোট দেওয়া একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, যা একজন মানুষের নিরাপত্তা ও জীবনযাত্রাকে প্রভাবিত করে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা বিশ্বাস করি, আমাদের ভূমিকা শুধু ঘর তৈরিতেই সীমাবদ্ধ নেই। আমরা সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা নিই।”
সিদ্ধা গ্ৰুপের এই প্রচারটি প্রথম থেকেই ধাপে ধাপে সোশ্যাল মিডিয়া ও নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথমে মানুষের মনে কৌতূহল তৈরী করে পরে তাদের বুথমুখী করাই এই প্রচার বা এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য। যত্ন করে বানানোর ফলে যেমন আমাদের ঘরবাড়ি সুন্দর হয়, ঠিক সেভাবেই যত্ন দিয়ে রাষ্ট্র গঠন করলে দেশের নাগরিকদের ভবিষ্যৎও হয়ে উঠবে সুরক্ষিত, এটাই বোঝাতে চাইছে সিদ্ধা গ্ৰুপ।
